কাবুল/ওয়াশিংটন, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/রয়টার্স)- তিন তালেবান বিদ্রোহীর লাশের ওপর মার্কিন সেনাদের মূত্রত্যাগের ভিডিওচিত্র তালেবানের সঙ্গে শান্তি আলোচনার প্রক্রিয়ায় প্রভাব ফেলবে না। তালেবানের পক্ষ থেকে বৃহস্পতিবার এ কথা জানানো হয়েছে।
ইউটিউবে প্রকাশিত ওই ভিডিওর ভিত্তিতে বুধবার ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের অনলাইন সংস্করণে এক প্রতিবেদনে বলা হয়, মূত্রত্যাগের সময় ওই সেনারা হাসাহাসি করছিলেন।
মার্কিন সেনা কর্তৃপক্ষ বলেছে, তদন্তে ভিডিওটির সত্যতা প্রমাণিত হলে ঘটনাটি ‘চরম অপরাধ’ হিসেবে বিবেচনা করা হবে।
জেনেভা কনভেনশন এবং মার্কিন সেনা আইন অনুযায়ী মৃতদেহের অবমাননা বেআইনি।
তালেবানের একজন মুখপাত্র বলেন, “যদিও এ ধরনের চিত্র দুঃখজনক কিন্তু তারপরও এই ভিডিওচিত্র শান্তি আলোচনায় প্রভাব ফেলবে না।”
তিনি আরো বলেন, “আমরা জানি আমাদের দেশ (আফগানিস্তান) দখল হয়ে রয়েছে [...] এটি কোনো রাজনৈতিক প্রক্রিয়া নয়, এ কারণে এই ভিডিওচিত্র আমাদের আলোচনাকে ক্ষতিগ্রস্ত করবে না এবং বন্দি বিনিময়ের ক্ষেত্রেও কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হবে না। কেননা এখনো বিষয়টি খুবই প্রাথমিক পর্যায়ে রয়েছে।”
আফগানিস্তানে যুক্তরাষ্ট্রবিরোধী মনোভাব অনেক আগে থেকেই জোড়ালো রয়েছে। এই ভিডিওচিত্রটি নতুন করে সেই মনোভাবকে আরো উস্কে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে।
আফগানিস্তান ছাড়া মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতেও এটি ক্ষোভের সৃষ্টি করেছে।
দীর্ঘ কয়েক মাসের চেষ্টার পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন এ সপ্তাহেই তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় বসছে।
আফগান প্রেসিডেন্ট কারজাই এবং তুরস্ক, সৌদি আরব ও ইউএই’র শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসতে আফগানিস্তান ও পাকিস্তান বিষয়ক ওবামার বিশেষ প্রতিনিধি মার্ক গ্রসম্যান ওই অঞ্চলে যাবেন।
আলোচনার অন্যতম একটি লক্ষ্য হলো কাতারে তালেবানদের রাজনৈতিক একটি কার্যালয় চালুর চুক্তি করা। এছাড়া কিউবার গুয়ান্তানামো বে’তে মার্কিন সামরিক কারাগারে আটক আফগান নাগরিকদের মুক্তির বিষয় নিয়েও আলোচনা হবে।
এদিকে ভিডিওচিত্র প্রচারের পর আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই এক বিবৃতিতে একে ‘অমানবিক’ উল্লেখ করে ঘটনার নিন্দা জানান ও তদন্তের আহ্বান জানিয়েছেন।
পেন্টাগন জানায়, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লিও প্যানেট্টা কারজাইকে টেলিফোন করে এ ভিডিওচিত্রকে ‘ভয়াবহ’ হিসেবে উল্লেখ করেছেন। এ ঘটনা তদন্তে নৌবাহিনী ও আফগানিস্তানে ন্যাটো নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসট্যান্স ফোর্সের কমান্ডারদের নির্দেশ দিয়েছেন তিনি।
পেন্টাগন আরো জানায়, ভিডিওচিত্রটি যে অসত্য এমন কোনো তথ্য আমাদের কাছে নেই।
যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা মার্টিন ডিম্পসে এ ধরনের ভিডিওচিত্রকে অবৈধ আখ্যা দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩০০ ঘ.
bdnews24