হাভানা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিষেধাজ্ঞা আরোপ করার মতো কোনো ভুল ইরান করেনি বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ।
বুধবার কিউবার হাভানা বিশ্ববিদ্যালয়ে দেওয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন।
এর কিছুক্ষণ আগে নিকারাগুয়া থেকে কিউবার রাজধানী হাভানায় পৌঁছেন আহমাদিনেজাদ। বিমান থেকে নেমে গাড়িতে ওঠার আগে দু’আঙ্গুল তুলে বিজয় সূচক ‘ভি’ চিহ্ন প্রদর্শন করেন তিনি।
ইরানের বিরুদ্ধে কঠোর পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে ল্যাটিন আমেরিকার বামপন্থী সরকারগুলোর সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার লক্ষ্যে তিনি ওই দেশগুলো সফর করছেন।
হাভানায় পৌঁছার কিছুক্ষণের মধ্যেই তিনি হাভানা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দেন।
ভাষণে তিনি বলেন, কোনো উপযুক্ত কারণ ছাড়াই ইরানকে “শাস্তি” দেওয়া হচ্ছে।
“আমরা কি কারো ওপর হামলা চালিয়েছি? আমাদের যা থাকা উচিত আমরা কি তার চেয়ে আরো বেশি চাই? কখনোই না, কখনোই না। আমরা শুধু ন্যায্যতা প্রতিষ্ঠার কথা বলেছি,” বলেন তিনি।
হাভানা বিশ্ববিদ্যালয় থেকে আহমাদিনেজাদকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়।
ভাষণে তিনি ওই দিন সকালে ইরানি পরমাণু বিজ্ঞানী নিহত হওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেননি।
এর আগে হাভানার হোসে মার্তি আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তিনি। তবে সাংবাদিকদের উদ্দেশ্যে হেসে তাদের দিকে ‘ভি’ চিহ্ন প্রদর্শন করেন। কিউবার উপরাষ্ট্রপতি এস্তেবান ল্যাজো এসময় উপস্থিত ছিলেন।
সফরে কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রোর সঙ্গেও তার সাক্ষাৎ করার কথা রয়েছে।
কিউবার আগে আহমাদিনেজাদ ভেনেজুয়েলা ও নিকারাগুয়া সফর করেন। কিউবা সফর শেষে তিনি ইকুয়েডর যাবেন।
ল্যাটিন আমেরিকার এ চারটি দেশই কট্টর মার্কিন বিরোধী। সা¤প্রতিক সময়ে এ দেশগুলোর সঙ্গে ইরানের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক স¤প্রসারিত হয়েছে। পরমাণু শক্তি অর্জনে ইরানের অধিকারের পক্ষেও দেশগুলো সরব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩০৩ ঘ.
bdnews24