কায়রো, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় হত্যাযজ্ঞ বন্ধ করা যাচ্ছে না জানিয়ে একে একে পর্যবেক্ষণ মিশন ছাড়ছেন আরব লিগের পর্যবেক্ষকরা। মিশন ব্যর্থ হতে থাকায় ইতোমধ্যেই পদত্যাগ করেছেন পর্যবেক্ষক দলের আলজেরীয় সদস্য আনোয়ার মালেক।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে একইভাবে মিশন ছেড়ে চলে যাওয়ার পথে রয়েছেন আরেক পর্যবেক্ষক।
মালেক বুধবার আল জাজিরা টেলিভিশনকে জানান, শান্তি পরিকল্পনা বাস্তবায়ন পর্যবেক্ষণ মিশন এক প্রহসন। এর মধ্য দিয়ে বেসামরিক জনগণের দুর্ভোগ দূর করা যাচ্ছে না। এ ব্যর্থতার কারণেই মালেক ইতোমধ্যে পদত্যাগ করে সিরিয়া ছেড়েছেন।
এর পরপরই নাম প্রকাশে অনিচ্ছুক আরেক পর্যবেক্ষক জানান, তিনিও একই পথে যেতে চান।
দুই পর্যবেক্ষকই সিরিয়ার পরিস্থিতি দেখে অত্যন্ত হতাশ।
পদত্যাগকারী আলজেরীয় নাগরিক আনোয়ার মালেক জানান, হোমসে ভয়াবহ সব কর্মকাণ্ড চলছে। হত্যা, সহিংসতা, নির্যাতন থেমে নেই। আরব লিগ পর্যবেক্ষকদের উপস্থিতিতেও চলছে রক্তক্ষয়।
দুই পর্যবেক্ষকই সিরিয়ার জনগণের ভোগান্তি অকল্পনীয় বলে জানিয়েছেন।
আল জাজিরা টেলিভিশনকে মালেক বলেন, “পর্যবেক্ষক দল হাসির পাত্রে পরিণত হয়েছে পর্যবেক্ষদের বোকা বানানো হচ্ছে। আরব লিগ যাতে সরকারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে তা পারে সেজন্য অধিকাংশ বিষয়কেই পরিকল্পিতভাবে অতিরঞ্জিত করা হচ্ছে।”
অকার্যকর হিসেবে ইতোমধ্যেই সমালোচনার শিকার হয়েছে আরব লিগ পর্যবেক্ষণ মিশন। এ মুহুর্তে মালেকের পদত্যাগের পর দলের আরেক সদস্য পদত্যাগ করলে মিশনের বিশ্বাসযোগ্যতা আরো ক্ষুন্ন হবে।
মালেকের বক্তব্যের সঙ্গে একমত কিনা জানতে চাওয়া হলে পদত্যাগ করতে ইচ্ছুক অপর পর্যবেক্ষক বলেন, “এটা সত্যি। আমিও শুক্রবার এ মিশন ছেড়ে যাব। এ মিশনটাই অস্পষ্ট। জাতির কোনো কাজে আসছে না এটা। এতে কোনো লাভই হচ্ছে না।”
নাম প্রকাশে অনিচ্ছুক এ ব্যক্তি সিরিয়া থেকে টেলিফোনে বলেন, “এখনো সব জায়গায় সেনাবাহিনীর উপস্থিতি রয়েছে, এমনকি মসজিদগুলোতেও। আমরা দেরার আবু বকর আল-সিদ্দিক মসজিদ থেকে সামরিক সরঞ্জাম প্রত্যাহারের নির্দেশ দিলেও এখনো তা করা হয়নি।”
আরব শান্তি চুক্তি অনুযায়ী শান্তিকামী বিক্ষোভকারীদের ওপর হামলা বন্ধ, রাস্তা েেক সেনা ও ট্যাঙ্ক প্রত্যাহার, বন্দিদের মুক্তি এবং রাজনৈতিক সংলাপের প উন্মুক্ত করতে রাজি হয়েছিলো সিরিয়া।
চুক্তি অনুযায়ী দেশটিতে এসব বিষয় মানা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করতেই গত মাসে সিরিয়ায় পর্যবেক্ষক পাঠানো হয়।
মঙ্গলবার জাতিসংঘে মার্কিন প্রতিনিধি জানান, পর্যবেক্ষকরা সিরিয়ায় পৌঁছানোর পর থেকে দেশটিতে হত্যাকাণ্ড বাড়ছে বলে জাতিসংঘের এক কর্মকর্তা নিরাপত্তা পরিষদে জানিয়েছেন।
ওদিকে, বুধবার আরব লিগ জানায়, লাটাকিয়া বন্দরে পর্যবেক্ষকদের একটি দলের ওপর হামলা চালানো হয়েছে। তাই সিরিয়ায় আরো পর্যবেক্ষক পাঠানোর কথা থাকলেও তাতে দেরি হচ্ছে। লাটাকিয়ার হামলায় ১১ পর্যবেক্ষক সামান্য আহত হন।
বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৬২৩ঘ.
bdnews24