২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু অপুষ্টি ভারতের ‘জাতীয় লজ্জা’: মনমোহন

ভারতে শিশু অপুষ্টির ‘অপ্রত্যাশিত উচ্চহার’ আমাদের ‘জাতীয় লজ্জা’ বলে মঙ্গলবার মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী মনমোহন সিং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2012, 01:45 PM

Updated : 24 Aug 2022, 10:33 AM

নয়া দিল্লি, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতে শিশু অপুষ্টির ‘অপ্রত্যাশিত উচ্চহার’ আমাদের ‘জাতীয় লজ্জা’ বলে মঙ্গলবার মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী মনমোহন সিং। দুই দশক ধরে দ্রুত অর্থনৈতিক অগ্রগতি সত্ত্বেও দেশের প্রায় অর্ধেক শিশুর ওজন এখনো পরিমিত ওজনের চেয়ে কম বলে জানিয়েছেন তিনি। এছাড়া ১৯৯০ থেকে ২০০৫ সাল পর্যন্ত ভারতের অর্থনৈতিক সমৃদ্ধি দ্বিগুণ হলেও এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির এ দেশ থেকে এখনো ক্ষুধা নির্মূল হয়নি। দেশের বিস্তৃত গ্রামাঞ্চল ও শহুরে বস্তিতে এখনো মানুষ ক্ষুধার কষ্টে ভোগে। অনাহার ও অপুষ্টি নিয়ে পরিচালিত নতুন এক জরিপের ফল প্রকাশকালে মনমোহন এ মন্তব্য করেন। তিনি বলেছেন, “আমি আগেও বেশ কিছু অনুষ্ঠানে বলেছি এবং আমি আবারো বলছি, অপুষ্টির সমস্যা জাতীয় লজ্জা।” তিনি আরো বলেন, “জিডিপি’তে (মোট জাতীয় উৎপাদন) আমাদের উৎসাহব্যাঞ্জক অগ্রগতি সত্ত্বেও দেশে অপুষ্টির হার অপ্রত্যাশিতভাবে বেশী। এ হার দ্রুত কমানোর ক্ষেত্রেও আমাদের সাফল্য নেই।” ভারতে ‘ক্ষুধা ও অপুষ্টি জরিপ ২০১১’ নামক জরিপটি পরিচালনা করেছে নন্দি ফাউন্ডেশন। জরিপ অনুযায়ী, ভারতে ৫ বছরের কম বয়সী ৪২ শতাংশ শিশুর ওজন পরিমিত ওজনের চেয়ে কম। এ হার সাব-সাহারা আফ্রিকার চেয়ে প্রায় দ্বিগুণ। দেশজুড়ে প্রায় ১ লাখ ১০ হাজার শিশুর পুষ্টিমান পরীক্ষা করে জরিপের ফল প্রকাশ করা হয়েছে। সিং বলেছেন, জরিপের এ ফল অপুষ্টির উচ্চহারের কারণে উদ্বেগজনক। তবে এর আশাব্যাঞ্জক দিকও আছে। আর তা হচ্ছে, গত সাত বছরে প্রতি ৫ জনে ১ জন শিশুর সঠিক ওজন এবং সুস্বাস্থ্য পাওয়ার বিষয়টি। তিনি বলেছেন, “যেসব জেলায় অপুষ্টির হার বেশি তা নিয়ন্ত্রণে সেসব জেলায় আমাদের নজর দেওয়া উচিত।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৩৯ঘ.