২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় পর্যবেক্ষণ শুরুর পর হত্যা বেড়েছে: জাতিসংঘ

আরব লিগের পর্যবেক্ষকরা সিরিয়ায় পৌঁছানোর পর সরকারবিরোধী বিক্ষোভকারী হত্যার ঘটনা আরো বেড়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2012, 11:19 AM

Updated : 24 Aug 2022, 10:33 AM

বৈরুত, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আরব লিগের পর্যবেক্ষকরা সিরিয়ায় পৌঁছানোর পর সরকারবিরোধী বিক্ষোভকারী হত্যার ঘটনা আরো বেড়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সুসান রাইস মঙ্গলবার বলেন, আমরা লক্ষ্য করেছি আরব লিগের পর্যবেক্ষণ কার্যক্রম শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত চারশ’ বেসামরিক নাগরিককে হত্যা করা হয়েছে। এ সময় প্রতিদিন গড়ে ৪০ জন করে নিহত হয়েছে যা তাদের সিরিয়ায় যাওয়ার আগের হারের চেয়ে বেশি। সিরিয়া ও অন্যান্য গুরুত্বপূর্ণ সঙ্কট নিয়ে জাতিসংঘের রাজনৈতিক বিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল লিন পাসকোর সঙ্গে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশের প্রতিনিধিদের এক রুদ্ধদ্বার বৈঠকের পর এ কথা বলেন রাইস। তিনি বলেন, পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে, সিরীয় কর্তৃপক্ষ এ সুযোগ কাজে লাগানোর চেয়ে বরং সহিংসতা বাড়াতেই বেশি আগ্রহী। ওদিকে, মঙ্গলবারের ভাষণে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ কিছু সংস্কারের প্রতিশ্র“তি দিলেও তার পরিবারের ৪০ বছর ধরে শোষণের ইতি টানার কোনো ইঙ্গিত দেননি। বিদ্রোহীদের ওপর সহিংসতা কমিয়ে আনতে সিরিয়ায় আরব লিগের পর্যবেক্ষকদের কর্মকাণ্ড নিয়ে বিদ্রুপও করেছেন তিনি। ভাষণে সিরিয়ায় গত ১০ মাসের বিদ্রোহকে ‘আরব বসন্তে’র প্রভাবে ‘সন্ত্রাসী’দের কীর্তি বলে মন্তব্য করেন আসাদ। তাদের দমনের সংকল্প ব্যক্ত করেন তিনি। আরব লিগের সমালোচনা করে তিনি বলেন, গত ছয় দশক ধরে আরব দেশগুলোর মূল সমস্যার ব্যাপারে কখানোই নিজের অবস্থান তৈরি করতে পারেনি আরব লিগ। জাতিসংঘ বলছে, আসাদের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভে হামলায় পাঁচ হাজারের বেশি বেসামরিক মানুষকে হত্যা করা হয়েছে সিরিয়ায়। বিপরীতে ইসলামি জঙ্গিদের হাতে সরকারি নিরাপত্তা বাহিনীর অন্তত দুই হাজার সদস্য নিহত হয়েছে। সোমবার বন্দর শহর লাটকিয়াতে এক হামলায় আরব লিগের ১১ পর্যবেক্ষক আহত হওয়ার ঘটনায় সিরীয় কর্তৃপক্ষের সমালোচনা করেছে আরব লিগ। পর্যবেক্ষকদের নিরাপত্তা দেওয়া হয়নি বলে অভিযোগ করে সংস্থাটি। তবে সিরীয় কর্তৃপক্ষ বলছে, পর্যবেক্ষকদের নিরাপত্তা দেওয়া অব্যাহত রেখেছে সিরিয়া। তাদের কাজে বাধা সৃষ্টি করার ঘটনার সমালোচনাও করে তারা। রয়টার্সের আরেক খবরে বলা হয়েছে, সিরিয়ায় হত্যাযজ্ঞের ভয়াবহ চিত্র দেখে দেশটি ছেড়ে চলে গেছেন এক পর্যবেক্ষক। এ পরিস্থিতি তার ঠেকানোর ক্ষমতা নেই বলে আল জাজিরা টেলিভিশনে মন্তব্য করেছেন পর্যবেক্ষক আনোয়ার মালেক। পর্যবেক্ষণ মিশন ছেড়ে গেলেন কেনো এ প্রশ্নের জবাবে মালেক বলেন, মানবতার জন্য মানবিকতাবোধটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি হোমস শহরে ১৫ দিনের বেশি সময় কাটিয়েছি। সেখানে দেখেছি ভয়াবহ চিত্র। পোড়া লাশ। এ অমানবিক পরিস্থিতিতে আমি সেখানে থাকতে পারি না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৬৫৪ঘ.