২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানকে আলোচনায় ফেরার আহ্বান হিলারির

ভূগর্ভস্থ বাঙ্কারে পরমাণু সমৃদ্ধকরণের ব্যাপারে ইরানি সিদ্ধান্তকে “প্রকৃতই উদ্বেগজনক” বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। তিনি পরমাণু কর্মসূচী নিয়ে কার্যকর আলোচনায় ফেরার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2012, 07:10 AM

Updated : 24 Aug 2022, 10:33 AM

ওয়াশিংটন, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভূগর্ভস্থ বাঙ্কারে পরমাণু সমৃদ্ধকরণের ব্যাপারে ইরানি সিদ্ধান্তকে “প্রকৃতই উদ্বেগজনক” বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। তিনি পরমাণু কর্মসূচী নিয়ে কার্যকর আলোচনায় ফেরার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার এক বিবৃতিতে হিলারি এ আহ্বান জানান। তিনি বলেন, “পরমাণু সমৃদ্ধকরণের এ সিদ্ধান্ত নিজ দায়িত্বের প্রতি ইরানের চরম অশ্রদ্ধার উদাহরণ, তাদের ক্রমবর্ধমান বিচ্ছিন্নতা তাদের নিজেদের কর্মফল।” হিলারির এই মন্তব্য ইরানের পরমাণু কর্মসূচীর বিষয়ে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান উদ্বেগেরই বহিঃপ্রকাশ। ইরান ঘোষণা করেছে, তারা কুয়াম নগরীর কাছে ভূগর্ভস্থ ফরদো বাঙ্কারে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করেছে। পরমাণু কর্মসূচী নিয়ে পশ্চিমাদের সঙ্গে চলমান টানাপোড়েনের মধ্যে ইরানের এ ঘোষণায় পশ্চিমা শিবিরে উত্তেজনা আরো প্রবল হয়ে ওঠে। পশ্চিমাদের অভিযোগ, ইরানের পরমাণু কর্মসূচীর উদ্দেশ্য সামরিক। কিন্তু তা বরাবরই অস্বীকার করে আসছে ইরান। তাদের দাবি, সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে তাদের এ কর্মসূচী। “ইরানের নতুন এ পদক্ষেপের কারণে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা সত্যিই উদ্বেগজনক,” বলেন হিলারি। “এ পদক্ষেপের পক্ষে যুক্তিগ্রাহ্য কোনো কারণ নেই। এ পদক্ষেপের মধ্য দিয়ে ইরান পরমাণু অস্ত্র তৈরিতে প্রয়োজনীয় অতি সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদনের কাছাকাছি চলে যাবে।” একটি চিকিৎসা গবেষণা চুল্লির জ্বালানী হিসেবে এই সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন বলে দাবী করেছে ইরান। এই দাবী প্রত্যাখ্যান করে হিলারি বলেন, ওই চুল্লির প্রয়োজনীয় জ্বালানী ইরানকে সরবরাহ করার প্রস্তাব দিয়েছিলেন তারা কিন্তু ইরান তা নেয়নি। উদ্বেগ প্রকাশের পাশাপাশি হিলারি ইরানকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যরাষ্ট্র ও জার্মানির সঙ্গে ফের কার্যকর আলোচনার বসার প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, “আমরা আবারো নিশ্চয়তা দিচ্ছি আমাদের লক্ষ্য আলোচনার মাধ্যমে এ সমস্যার তাৎপর্যপূর্ণ একটি সমাধান বের করা।” “পি৫+১” নামে পরিচিত বৃহৎ পঞ্চশক্তি ও জার্মানির ওই প্রতিনিধিদলের সঙ্গে পরমাণু প্রকল্প নিয়ে ইরানের আলোচনা গত এক বছর ধরে বন্ধ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩০৫ ঘ.