২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ফের মার্কিন ড্রোন হামলা, ৩ জঙ্গি নিহত

দীর্ঘ বিরতির পর পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে আবারো মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) হামলা চালানো হয়েছে। এতে ৩ জঙ্গি নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2012, 07:42 AM

Updated : 24 Aug 2022, 10:33 AM

মিরনশাহ, পাকিস্তান, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দীর্ঘ বিরতির পর পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে আবারো মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) হামলা চালানো হয়েছে। এতে ৩ জঙ্গি নিহত হয়েছে। গত ১৭ নভেম্বরের পর এটিই পাকিস্তানে চালানো যুক্তরাষ্ট্রের প্রথম ড্রোন হামলা। বুধবার উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহ শহরের কাছে আদিবাসী এলাকায় হামলাটি চালানো হয়। পাকিস্তান গোয়েন্দাবাহিনীর স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মিরানশাহের কাছে আদিবাসী এলাকার একটি বাড়িতে ড্রোন থেকে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় অন্ততপক্ষে তিনজন নিহত হয়েছে। পাকিস্তানে জঙ্গিদের লক্ষ্যস্থলের ওপর ড্রোন হামলা চালানো হয়েছে বলে ওয়াশিংটনের একটি সূত্র নিশ্চিত করেছে। তবে জঙ্গিদের শীর্ষ কোনো নেতাকে লক্ষ করে হামলাটি চালানো হয় নি বা হামলায় কোনো শীর্ষ জঙ্গি নিহত বা আহত হয় নি বলে জানিয়েছে ওই সূত্র। গত ২৬ নভেম্বর আফগান-পাকিস্তান সীমান্তে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো সেনাদের হেলিকপ্টার ও বিমান হামলায় ২৪ পাকিস্তানি সেনা নিহত হলে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সম্পর্কে চরম অবণতি ঘটে। আফগানিস্তানে ন্যাটোর রসদ সরবরাহ বন্ধ করার পাশাপাশি মার্কিন ড্রোন ঘাঁটি শামসি বিমানবন্দর খালি করে দিতে যুক্তরাষ্ট্রকে নির্দেশ দেয় পাকিস্তান। নির্দেশ অনুসারে শামসি ঘাঁটি ছেড়ে যায় যুক্তরাষ্ট্র। ড্রোন হামলার বিরুদ্ধে পাকিস্তানে বিরাজমান ব্যাপক অসন্তোষের মধ্যে এসব ঘটনায় দীর্ঘদিন ড্রোন হামলা বন্ধ রাখে যুক্তরাষ্ট্র। স¤প্রতি পাকিস্তান-আফগান সীমান্তে জঙ্গিদের তৎপরতা বেড়ে গেছে এমন কারণ দেখিয়ে আবারো ড্রোন হামলা শুরু করলো যুক্তরাষ্ট্র। আফগানিস্তানের বিমানঘাঁটি ব্যবহার করে ড্রোন হামলা অব্যাহত রাখা হবে বলে এর আগে জানিয়েছিলো যুক্তরাষ্ট্র। সন্ত্রাসবিরোধী যুদ্ধে ড্রোন বিমানের ব্যবহার ব্যাপক সুফল এনেছে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৩৩ ঘ.