২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগ করলেন সুইস ব্যাংক প্রধান হিল্ডেব্র্যান্ড

স্ত্রীর মুদ্রা ব্যবসার সূত্র ধরে পদত্যাগ করেছেন সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান ফিলিপ হিল্ডেব্র্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2012, 05:29 AM

Updated : 24 Aug 2022, 10:33 AM

বার্ন, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্ত্রীর মুদ্রা ব্যবসার সূত্র ধরে পদত্যাগ করেছেন সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান ফিলিপ হিল্ডেব্র্যান্ড। সোমবার পদত্যাগের ঘোষণা দেন তিনি। স্ত্রীর মুদ্রা ব্যবসার বিষয়টি তার অজ্ঞাত ছিল। কিন্তু এটি প্রমাণ করতে পারবেন না জানিয়ে তিনি বলেন, ব্যাংকের ভাবমূর্তি রক্ষার জন্যই পদত্যাগ করেছেন। কিছুদিন আগে সুইজারল্যান্ডের স্যারাসিন ব্যাংকের এক কর্মী হিল্ডেব্র্যান্ডের এক রাজনৈতিক প্রতিপক্ষের কাছে তার স্ত্রীর মুদ্রা ব্যবসার কথা ফাঁস করে দেন। গত সপ্তাহে স্যারাসিন ব্যাংকের ওই কর্মীকে বরখাস্ত করা হলে হিল্ডেব্র্যান্ডের স্ত্রীর মুদ্রা ব্যবসার বিষয়টি ফাঁস হয়ে যায়। গত অগাস্টের ১৫ তারিখে হিল্ডেব্র্যান্ডের স্ত্রী কাশিয়া ৪ লাখ সুইস ফ্রাঙ্কে ১৮ হাজার ডলার কিনেন। এর তিন সপ্তাহ পরেই সেপ্টেম্বরের প্রথমদিকে কেন্দ্রীয় ব্যাংক ডলারের বিপরীতে সুইস ফ্রাঙ্কের মানের অবনমন ঘটায়। এর সপ্তাহ খানেক পর ডলারগুলো অতিরিক্ত দরে সুইস ফ্রাঙ্কে ভাঙিয়ে কাশিয়া লাভবান হন। এ ঘটনা জানাজানি হলে এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। তবে হিল্ডেব্র্যান্ড দাবি করেছেন, তিনি এ ঘটনা জানতেন না। আর তার স্ত্রীর ভাষ্য, নিজেদের সম্পদের কিছু অংশ ডলারে পরিবর্তন করে রেখে দিতে চেয়েছিলেন তিনি। পরে, সুইজারল্যান্ডে কিছু নতুন সম্পত্তি কেনার প্রয়োজনে তিনি ডলারগুলো ভাঙেন। চারদিন আগে বার্নে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করেছিলেন হিল্ডেব্র্যান্ড। তিনি দাবি করেছিলেন, তার স্ত্রী ডলারগুলো বিক্রি করার পর তিনি ওই বিষয়টি জেনেছেন। স্ত্রীর এই ডলার ব্যবসায় পরামর্শক হিসেবে তিনি কাজ করেছেন, এমন অভিযোগও অস্বীকার করেন হিল্ডেব্রান্ড। এর চারদিন পর সোমবার তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। এ বিষয়ে তিনি বলেন, যেহেতু তিনি স্ত্রীর ব্যবসার বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন না বলে প্রমাণ করতে পারবেন না তাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরো বলেন, বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পদ আঁকড়ে থাকা তার জন্য সম্মানজনক নয়। “ঘটনা এই, আমার কথাই আমার প্রমাণ। আমি আমার স্ত্রীর ডলার ভাঙ্গানোর বিষয়ে ওই সময় কিছুই জানতাম না,” বলেন তিনি। গত ডিসেম্বরে এক বিবৃতিতে সুইস ব্যাংক জানিয়েছে, হিল্ডেব্র্যান্ড কোনো অন্যায় কাজের সঙ্গে জড়িত ছিলেন না এবং তার স্ত্রীও ডলার ভাঙিয়ে কোনো অন্যায় কাজ করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১১২২ ঘ.