কুয়ালালামপুর, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এশিয়ার একসময়কার দ্রুত-উদীয়মান রাজনৈতিক তারকা আনোয়ার ইব্রাহিম। ১৯৯৭ সালে টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে যাকে “এশিয়ার ভবিষ্যৎ” হিসেবে অভিহিত করা হয়েছিল।
কিন্তু এর পরের বছরই জনপ্রিয় এ দেশপুনর্গঠক রাজনীতি থেকে ছিটকে পড়েন দুর্নীতি ও সমকামিতার অভিযোগে।
সোমবার সমকামিতার অভিযোগ থেকে তাকে অব্যাহতি দিয়েছে মালয়েশিয়ার একটি আদালত। আদালতের এ সিদ্ধান্তই হতে পারে ১৯৭০-এর দশকের তুখোড় ছাত্রনেতা হিসেবে খ্যাতি কুড়ানো ৬৪ বছর বয়স্ক এ রাজনীতিবিদের নবদ্যোমে পথ চলার ঐতিহাসিক মুহুর্ত।
আনোয়ার মালয়েশিয়ায় এক বিপরীতমুখী দৃষ্টিভঙ্গির সূচনা করেছেন। যাতে করে দেশটির কর্তৃত্ববাদী আইন বিলুপ্ত হওয়া বা উঠে যাওয়ার পাশাপাশি সংখ্যাগুরু মালয়দের স্বার্থে জাতিগত অগ্রাধিকার ব্যবস্থা বাতিল হয়। কারণ জাতিগতভাবে চীনা ও ভারতীয় মালয়েশিয়দের দৃষ্টিতে এ ব্যবস্থা পক্ষপাতদুষ্ট।
স¤প্রতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আনোয়ার বলেছেন, আদালত তার বিরুদ্ধে রায় দিলেও এ বছরের নির্বাচনে তার দল জনগণের সহানুভূতি পেয়ে শক্তিশালী হয়ে উঠতো। কারণ অর্থনৈতিক মন্দার কারণে ক্ষমতাসীন জোট ইতোমধ্যে হুমকির মখে রয়েছে।
তিনি বলেন, “সমাজ বলবে: ‘ঠিক আছে, আপনি আনোয়ারের সাথে দ্বিমত পোষণ করতে পারেন। কিন্তু এজন্য তাকে পেটানো বা ক্রমাগত জেলে ভরে রাখার প্রয়োজন নেই।’ এটা আমার তৃতীয়, চতুর্থবার, তারা জানে এটা রাজনৈতিক।”
মতামত জরিপ অনুযায়ী, বেশিরভাগ মালয়েশীয়র বিশ্বাস, তার বিরুদ্ধে আনীত অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
আধুনিক মালয়েশিয়ার রূপকার তৎকালীন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের প্রধান রাজনৈতিক সহযোগী আনোয়ার ইব্রাহিম ১৯৯৩ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
উপপ্রধানমন্ত্রী থাকাকালে ১৯৯৮ সালে তার বিরুদ্ধে প্রথম সমকামিতার অভিযোগ দায়ের করা হয়। সেসময় সমকামিতা ও আর্থিক কেলেঙ্কারির অভিযোগে মাহাথিরের মন্ত্রিসভা থেকে তাকে বরখাস্তও করা হয়।
১৯৯৯ সালে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ৬ বছর এবং ২০০০ সালে সমকামিতার অভিযোগে পৃথকভাবে আরো ৯ বছরের কারদণ্ডে দণ্ডিত হন আনোয়ার ইব্রাহিম।
২০০৪ সালে উচ্চ আদালত আনোয়ারের দণ্ড মওকুফ করে তাকে খালাস দেয়। এরপর দ্রুতই তিনি বিরোধী দলীয় প্রধান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
২০০৮ সালের মার্চে পার্লামেন্ট নির্বাচনে জয় না পেলেও উল্লেখযোগ্য সাফল্য পান তিনি। বর্তমান ক্ষমতাসীন দল তখন অল্প ব্যবধানে জয়ী হয়।
কিন্তু সে বছরই অগাস্টে আনোয়ারের বিরুদ্ধে আবারো সমকামিতার অভিযোগ দায়ের করেন তারই রাজনৈতিক সহযোগী সাইফুল বুখারি আজলান।
আনোয়ার ইব্রাহিম প্রথম থেকেই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছিলেন। তিনি এ বিষয়ে মালয়েশিয়ার সরকারকে অভিযুক্ত করে বলেছেন, তার রাজনৈতিক জীবন ধ্বংস করার জন্যই সরকারি দল এই হীন চক্রান্তে লিপ্ত হয়েছে।
২০১৩ সালে মালয়েশিয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তবে বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাবে মালয়েশিয়ার অর্থনৈতিক গতি শ্ল¬থ হওয়ায় আগাম নির্বাচনের কথা উঠেছে। ধারণা করা হচ্ছে, ওই নির্বাচনে আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বে বিরোধীদল ভালো ফল করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৩৮ঘ.
bdnews24