২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় ফের সহিংসতা বন্ধের আহ্বান আরব লিগের

আন্দোলনকারীদের ওপর দমন-পীড়ন বন্ধ করতে সিরিয়া সরকারকে আবারো আহ্বান জানিয়েছে আরব লিগ। পাশাপাশি আরব লিগের পর্যবেক্ষদের আরো স্বাধীনভাবে দায়িত্ব পালনের অনুমতি দেওয়ারও আহ্বান জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2012, 10:07 AM

Updated : 24 Aug 2022, 10:32 AM

কায়রো, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আন্দোলনকারীদের ওপর দমন-পীড়ন বন্ধ করতে সিরিয়া সরকারকে আবারো আহ্বান জানিয়েছে আরব লিগ। পাশাপাশি আরব লিগের পর্যবেক্ষদের আরো স্বাধীনভাবে দায়িত্ব পালনের অনুমতি দেওয়ারও আহ্বান জানানো হয়েছে। রোববার সিরিয়ার সহিংসতা বন্ধে পাঠানো আরব লিগ পর্যবেক্ষণ মিশনের অগ্রগতি পর্যালোচনা করতে বৈঠক করেছেন সংগঠনটির পররাষ্ট্রমন্ত্রীরা। মিশরের রাজধানী কায়রোয় অনুষ্ঠিত এ বৈঠকে সিরিয়াকে এ আহ্বান জানানো হয়। তবে পর্যবেক্ষকদের সহায়তার জন্য জাতিসংঘ কর্মী ও মানবধিকার বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানোর উদ্যোগ থেকে বিরত থাকে আরব লিগ। বৈঠকের পর আরব লিগের সিরিয়া বিষয়ক দল জানায়, শহরগুলো থেকে সরকারি সেনা প্রত্যাহার এবং সঙ্কটকালে গ্রেপ্তারকৃতদের মুক্তি দিয়ে সিরিয়া সরকার দমন-পীড়ন বন্ধে দেওয়া প্রতিশ্র“তির আংশিক বাস্তবায়ন করেছে। বৈঠকে সিরিয়ায় আরো পর্যবেক্ষক ও প্রয়োজনীয় উপকরণ পাঠানো নিয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয়। আরব লিগের ১৬৫ জন পর্যবেক্ষক এখন সিরিয়ায়। তারা দেশটিতে সহিংসতা বন্ধে আরব লিগ প্রস্তাবিত শান্তি পরিকল্পনার বাস্তবায়ন পরীক্ষা করতে সেখানে আছেন। ওই শান্তি পরিকল্পনা বাস্তবায়ন করবে বলে লিখিত চুক্তি করেছিল সিরিয়া সরকার। আরব লিগের পর্যবেক্ষক দল গত ২৬ ডিসেম্বর থেকে সিরিয়ায় কাজ শুরু করলেও সহিংসতা কিছুমাত্র কমেনি। প্রায় প্রতিদিনই মানুষ হত্যার খবর পাওয়া যাচ্ছে। আরব লিগের পর্যবেক্ষক দলকে অকার্যকর আখ্যা দিয়ে তাদের প্রত্যাহার দাবি করেছে সিরিয়ার সরকার বিরোধী আন্দোলনকারীরা। কিন্তু আরব লিগ জানিয়েছে, আগামী ১৯ জানুয়ারি পর্যবেক্ষক দল চূড়ান্ত প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত পর্যবেক্ষণ চলবে। লিগের পররাষ্ট্রমন্ত্রীরা জানুয়ারির ১৯ ও ২০ তারিখে ওই প্রতিবেদন নিয়ে আবার বৈঠকে বসবেন। ওই বৈঠকেই সিরিয়া নিয়ে আরব লিগের পরবর্তী সিদ্ধান্ত হবে। জাতিসংঘের হিসেব অনুযায়ী, প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন শুরু হওয়ার পর দেশটিতে এ পর্যন্ত ৫ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। অন্যদিকে, ‘সশস্ত্র সন্ত্রাসী’রা নিরাপত্তা বাহিনীর ২ হাজার সদস্যকে হত্যা করেছে বলে দাবি করেছে সিরিয়া সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫৪১ঘ.