২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আনোয়ার ইব্রাহিম নির্দোষ

সমকামিতার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন মালয়েশিয়ার বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়ার একটি আদালত অভিযোগ থেকে নিষ্কৃতি দিয়ে তাকে নির্দোষ ঘোষণা করে। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2012, 04:45 AM

Updated : 25 Apr 2022, 08:55 PM

কুয়ালালামপুর, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সমকামিতার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন মালয়েশিয়ার বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়ার একটি আদালত অভিযোগ থেকে নিষ্কৃতি দিয়ে তাকে নির্দোষ ঘোষণা করে।

দুই বছর ধরে বিচার কাজ চলার পর সোমবার কুয়ালালামপুরের একটি আদালত ওই রায় দেয়। আদালতের বাইরে এ সময় আনোয়ার ইব্রাহিমের শত শত সমর্থক উপস্থিত ছিলেন।

রায় ঘোষণার পর আদালতের বাইরে অপেক্ষমান সাংবাদিকদের উদ্দেশ্যে ৬৪ বছর বয়স্ক ইব্রাহিম বলেন, “সত্যি বলতে কি, আমি কিছুটা বিস্মিত।”

২০০৮ সালের অগাস্টে আনোয়ারের রাজনৈতিক সহযোগী সাইফুল বুখারি আজলান তার বিরুদ্ধে সমকামিতার অভিযোগ দায়ের করে।

২০০৯ সালের ফেব্র“য়ারি থেকে বিচার শুরু হয়।

অভিযোগের প্রমাণ হিসেবে আদালতে যে ডিএনএ নমুনা দাখিল করা হয়েছিলো তা ‘দূষিত’ করা হয়েছে সন্দেহে বিচারক জাবেদিন মোহাম্মদ দিয়া তাকে নির্দোষ ঘোষণা করেন।

“যেহেতু এটি একটি যৌন হয়রানিমূলক মামলা, আদালত অশুদ্ধ প্রমাণের ভিত্তিতে কাউকে দোষী সাব্যস্ত করতে পারে না, তাই অভিযুক্তকে নির্দোষ বলে ঘোষণা করে তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হলো,” আদালতকক্ষের উপচে পড়া ভিড়ের মধ্যে বিচারক তার রায়ে এসব কথা বলেন।

২ কোটি ৮০ লাখ অধিবাসীর মুসলিম অধ্যুষিত দেশ মালয়েশিয়ায় সমকামিতা একটি ফৌজদারি অপরাধ। অপরাধ প্রমাণিত হলে দোষী ব্যক্তিকে সর্বোচ্চ ২০ বছর কারাদণ্ডের বিধান রয়েছে।

অভিযোগ প্রমাণিত হলে আনোয়ার ইব্রাহিমের রাজনৈতিক জীবনের মৃত্যু হতো নিশ্চিতভাবেই।

১৯৯৩ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত আনোয়ার মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ছিলেন। তিনি আধুনিক মালয়েশিয়ার রূপকার তৎকালীন প্রধানমন্ত্রী মাহাথির বিন মোহাম্মদের প্রধান রাজনৈতিক সহযোগী ছিলেন।

উপপ্রধানমন্ত্রী থাকাকালেই ১৯৯৮ সালে আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে প্রথম সমকামিতার অভিযোগ দায়ের করা হয়। সমকামিতা ও আর্থিক কেলেঙ্কারির অভিযোগে মাহাথিরের মন্ত্রিসভা থেকে তাকে বরখাস্ত করা হয়।

ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ১৯৯৯ সালে তার ৬ বছরের কারাদণ্ড হয়। ২০০০ সালে সমকামিতার অভিযোগে পৃথকভাবে আরো ৯ বছরের কারদণ্ডে দণ্ডিত হন তিনি।

২০০৪ সালে উচ্চ আদালত তার দণ্ড মওকুফ করে তাকে খালাস দেয়। দ্রুতই তিনি বিরোধী দলীয় প্রধান নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

২০০৮ সালের মার্চে পার্লামেন্ট নির্বাচনে জয় না পেলেও উল্লেখযোগ্য সাফল্য পান। ক্ষমতাসীন দল অল্প ব্যবধানে জয় পায়।

অগাস্টে তার বিরুদ্ধে আবারও সমকামিতার অভিযোগ করেন তার এক রাজনৈতিক সহযোগী।

ওই অভিযোগের মামলাতেই ৯ জানুয়ারি ২০১২ তাকে নির্দোষ ঘোষণা করে আদালত।

আনোয়ার ইব্রাহিম প্রথম থেকেই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছিলেন। তিনি এ বিষয়ে মালয়েশিয়ার সরকারকে অভিযুক্ত করে বলেছেন, তার রাজনৈতিক জীবন ধ্বংস করার জন্যই সরকারী দল এই হীন চক্রান্তে লিপ্ত হয়েছে।

রায়ের পর মালয়েশিয়া সরকার এক বিবৃতিতে বলেছে, “মালয়েশিয়ার বিচার ব্যবস্থা স্বাধীন, এবং এ মামলার রায়ই প্রমাণ করে সরকার বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ করে না।”

২০১৩ সালে মালয়েশিয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তবে বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাবে মালয়েশিয়ার অর্থনৈতিক গতি শ্লথ হওয়ায় আগাম নির্বাচনের কথা উঠেছে। ধারণা করা হচ্ছে ওই নির্বাচনে আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বে বিরোধীদল ভালো ফল করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২৩৩ ঘ.