কায়রো, জানুয়ারি ৮ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার সহিংসতা বন্ধে পাঠানো আরব লিগ পর্যবেক্ষণ মিশনের অগ্রগতি পর্যালোচনা করতে রোববার মিশরের রাজধানী কায়রোয় বৈঠকে বসেছেন আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীরা।
মিশনের জন্য জাতিসংঘের সহায়তা চাওয়া হবে কিনা তা নিয়েও আলোচনা করবেন তারা।
সিরিয়ায় আরব লিগের পর্যবেক্ষকদের পাঠানোর পরও সেখানে রক্তক্ষয়ী সংঘর্ষ চলতে থাকায় এ অভিযান ইতোমধ্যেই ব্যর্থ বলে সমালোচিত হয়েছে।
অনিশ্চিত এক সূত্র জানিয়েছে, দেরা প্রদেশে রোববার সংঘর্ষে ১১ সিরিয়ান সেনা নিহত হয়েছে।
এছাড়া, সরকারি সেনা ও পক্ষত্যাগী সেনাদের মধ্যে বিক্ষিপ্তভাবে সংঘর্ষ চলছে বলে জানা গেছে।
গত তিন দিনের সংঘর্ষে প্রায় ১০০ জন নিহত হয়েছে। যদিও এ প্রতিবেদনের সতত্যা যাচাই করা কঠিন। কারণ বেশিরভাগ বিদেশি গণমাধ্যমকেই সিরিয়ায় কাজ করতে দেওয়া হচ্ছে না।
এর আগে আরব লিগের সূত্রগুলো জানায়, আরব লিগের পর্যবেক্ষকদের সহায়তা করতে জাতিসংঘের টেকনিশিয়ান ও মানবাধিকার বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানোর প্রস্তাব দিয়েছে কাতার।
আরব লিগের আহ্বান অনুযায়ী, দমন-পীড়ন বন্ধ করতে সিরিয়া আন্তরিকভাবে কাজ করছে কিনা তা যাচাই করতে সাহায্য করবে জাতিসংঘের প্রতিনিধিরা।
ওই সূত্রদের একজন জানান, এ লক্ষ্যে জাতিসংঘের কাছে শুধু আরব প্রতিনিধিদের পাঠানোর জন্য অনুরোধ করা হতে পারে।
বৈঠকে, সিরিয়ায় পাঠানো পর্যবেক্ষক দল সিরিয়া কর্তৃপক্ষকে এড়িয়ে নিজেরা কতোটা স্বাধীনভাবে কাজ করতে পারে তার উপায় নিয়েও আলোচনা করবেন পররাষ্ট্রমন্ত্রীরা।
আরব লিগের পর্যবেক্ষক দল গত ২৬ ডিসেম্বর থেকে সিরিয়ায় কাজ শুরু করলেও সহিংসতা কিছুমাত্র কমেনি। প্রায় প্রতিদিনই মানুষ হত্যার খবর পাওয়া যাচ্ছে।
কাতারের প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জসিম আল-থানি জানান, আরব লিগের প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় সিরিয়া সম্মত হলেও চুক্তির ধারাগুলো বাস্তবায়ন করছে না। তাই পর্যবেক্ষকদের শুধু শুধু সিরিয়ায় থেকে “সময় নষ্ট” করার কোনো মানে হয় না।
সিরিয়ার শহরগুলো থেকে সেনা প্রত্যাহার করা হয়নি এবং হত্যাকান্ডও বন্ধ হয়নি বলে মন্তব্য করেন তিনি।
সিরিয়ার সরকার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনকারীরা আরব লিগের পর্যবেক্ষক দলকে ‘দন্তহীন’ আখ্যা দিয়ে অভিযোগ করেছে, বিরোধীদের দমনে আসাদ সরকারকে আরো বেশি সময় কিনে দিয়েছে পর্যবেক্ষক দল। তারা পর্যবেক্ষণ মিশন বন্ধ করারও দাবি জানিয়েছে।
আরব লিগের কায়রো কার্যালয়ের পর্যবেক্ষক মিশন বিভাগের প্রধান আদনান আল-খুদেইর এক বিবৃতিতে বলেছেন, আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীদের সিদ্ধান্ত অনুযায়ীই কেবল প্রতিনিধিদের প্রত্যাখ্যান করা যেতে পারে।
শনিবার জর্ডানের আরো ১০ পর্যবেক্ষক দামেস্কে পৌঁছেছেন বলে জানান খুদেইর। এ ১০ জনকে নিয়ে সিরিয়ায় আরব লিগের পর্যবেক্ষণ মিশনের সদস্য সংখ্যা বর্তমানে ১৫৩ জনে দাঁড়িয়েছে।
ওদিকে সিরিয়া জানিয়েছে, আরব লিগের পর্যবেক্ষকদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিচ্ছে তারা। পর্যবেক্ষদের প্রতি ‘বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্ব’ প্রকাশের আহ্বানও জানিয়েছে তারা।
জাতিসংঘের হিসেব অনুযায়ী, প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন শুরু হওয়ার পর দেশটিতে এ পর্যন্ত ৫ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। অন্যদিকে, ‘সশস্ত্র সন্ত্রাসী’রা নিরাপত্তা বাহিনীর ২ হাজার সদস্যকে হত্যা করেছে বলে দাবি করেছে সিরিয় সরকার।
বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/এফএফ/এবি/বিসিএস/এলকিউ/২১৫৪ঘ.
bdnews24