২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে নিরঙ্কুশ জয়ের পথে ইসলামী দলগুলো

কয়েক দশকের মধ্যে মিশরের প্রথম অবাধ পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় পেতে যাচ্ছে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো। পার্লামেন্টের প্রায় দুই-তৃতীয়াংশ আসনে এ দলগুলোর জয় প্রায় নিশ্চিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2012, 06:52 AM

Updated : 24 Aug 2022, 10:32 AM

কায়রো, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কয়েক দশকের মধ্যে মিশরের প্রথম অবাধ পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় পেতে যাচ্ছে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো। পার্লামেন্টের প্রায় দুই-তৃতীয়াংশ আসনে এ দলগুলোর জয় প্রায় নিশ্চিত। মিশরের সবচেয়ে সংগঠিত ইসলামপন্থী সংগঠন মুসলিম ব্রাদারহুড শনিবার দাবী করেছে, পার্লামেন্টের নিম্নকক্ষের অন্তত ৪১ শতাংশ আসনে তারা জয়ী হয়েছে। এরপরই আছে কট্টরপহ্নী ইসলামী দল নূর পার্টি, তারা ২০ শতাংশ আসনে জয়ী হয়েছে। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারকের শাসনমলে মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধ ছিল। কিন্তু গত বছর ফেব্র“য়ারিতে গণঅভ্যুত্থানে মুবারকের পতন হলে উত্থান ঘটে মুসলিম ব্রাদারহুডের। তবে অনেকগুলো আসনে পুননির্বাচন থাকায় নির্বাচনের ফলাফল পুরোপুরি পেতে আরো কিছুদিন সময় লাগবে। তারপরেই নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর অবস্থান পরিষ্কারভাবে জানা যাবে। বিজয়ী মুসলিম ব্রাদারহুড আশ্বাস দিয়েছে, তারা ধর্মবর্ণ নির্বিশেষে মিশরের সব নাগরিকের অধিকার রক্ষা করবে। তবে এরপরও মুবারকপন্থীরা ও মুবারককে এককালে সমর্থন যোগানো পশ্চিমা সরকারগুলো অস্বস্তি বোধ করছে। অন্যদিকে নূর পার্টি কঠোর ইসলামি আইনকানুন চালু করার পক্ষপাতী। তারা সৌদিআরব প্রভাবিত সালাফিপন্থী। গত মঙ্গলবার ও বুধবার মিশরের পার্লামেন্ট নির্বাচনের তৃতীয় পর্বের ভোট অনুষ্ঠিত হয়। এতে ৬২ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে মিশরের নির্বাচন কমিশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/জেকে/১২৪৭ ঘ.