বুয়েন্স আয়ার্স, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ক্যান্সার মনে করে অস্ত্রোপচার করা হলেও আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিশ্চিনা ফার্নান্দেজ ডি কিরচনার ক্যান্সার আক্রান্ত নন বলে তার চিকিৎসকরা জানিয়েছেন।
ফার্নান্দেজ থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত সন্দেহে বুধবার তার অস্ত্রোপচার হয়।
তবে অস্ত্রোপচারের পরে জানা যায়, তার দেহে কোনো ক্যান্সার কোষ নেই।
প্রেসিডেন্টের মুখপাত্র আলফ্রেডো স্কোচ্চিমারো বলেন, “সর্বশেষ পরীক্ষার পর ফার্নান্দেজের চিকিৎসক দল মনে করছেন, অস্ত্রোপচারের মাধ্যমে তার যথাযথ চিকিৎসা হয়েছে। তার দেহে কোনো ক্যান্সার কোষের উপস্থিতির বিষয়টিও নাকচ করেছেন তারা।”
এর আগে ডিসেম্বরের শেষদিকে আর্জেন্টিনা সরকারের পক্ষ থেকে জানানো হয়, প্রেসিডেন্টের থাইরয়েড গ্ল্যান্ডে ক্যান্সারের সংক্রমণ হলেও এখনো তা খুব বেশি ছড়িয়ে পড়েনি। ফলে পুরোপুরি আরোগ্যের সম্ভাবনা ৯০ থেকে ৯৮ শতাংশ।
তখন বুয়েনেস আইরেসের ক্যান্সার বিশেষজ্ঞ জুলিও মরেনো বলেছিলেন, অস্ত্রোপচারের মাধ্যমে ক্রিশ্চিনার থাইরয়েড গ্ল্যান্ড অপসারণ করা হবে। তিনি বলছেন, প্রেসিডেন্টের ক্যান্সার পরীক্ষা করে যে ফল পাওয়া গেছে তা খুবই আশাব্যাঞ্জক।
ক্রিশ্চিনার ক্যান্সার আক্রান্তের খবর ছড়িয়ে পড়ার পর দেশের আপামর মানুষ তার প্রতি সহমর্মিতা প্রকাশ করে। বিশেষ করে দরিদ্রদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয়।
চলতি বছরের অক্টোবরে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হন ৫৮ বছর বয়সী ক্রিশ্চিনা। তার নেতৃত্বেই আর্জেন্টিনা বিশ্বের তৃতীয় সয়াবিন রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। লাতিন আমেরিকার তৃতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশে প্রতিবছর প্রবৃদ্ধি হচ্ছে ৯ শতাংশ হারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/০০৫৬ ঘ.
bdnews24