ইস্তাম্বুল, জানুয়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সরকার পতনের প্রচেষ্টায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার তুরস্কের সাবেক সেনাপ্রধান জেনারেল ইলকার বাসবাগকে হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। সরকার পতনের ওই চক্রান্ত বিচারাধীন থাকায় বৃহস্পতিবার এ নির্দেশ দেয় আদালত।
এক রাত হাজতে কাটানোর পর শুক্রবার সকালে স্বাস্থ্য পরীক্ষা শেষে সাবেক এই সেনাপ্রধানকে ইস্তাম্বুলের সিলিভ্রি কারাগারে নেয়া হয়েছে।
তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তায়েপ এদোগানের সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য ২০০৩ সালে কিছু কট্টর জাতীয়তাবাদী চক্রান্ত করে। যা ‘এরজেনেকোন চক্রান্ত’ নামে পরিচিত।
ওই ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার হওয়া সবচেয়ে উচ্চপদস্থ কর্মকর্তা বাসবাগ। ২০১০ সেনাবাহিনী থেকে অবসর নেন জেনারেল ইলকার বাসবাগ।
তুরস্কের সরকারি গণমাধ্যমে বলা হয়েছে, এই প্রথম তুরস্কের কোনো সেনাপ্রধানকে সন্দেহভাজন হিসেবে আদালতে পাঠানো হল।
এতে আরো বলা হয়েছে, বাসবাগের বিরুদ্ধে ‘গ্যাং লিডার’ ও সরকার পতনের ষড়যন্ত্রের অভিযোগ আনা হতে পারে।
তবে বৃহস্পতিবার আদালতে জেনারেল বাসবাগ চক্রান্তে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। ওই ঘটনার সঙ্গে জড়িত প্রায় ৪শ’ জন সন্দেহভাজনের বিচারকাজ চলছে।
জেনারেল বাসবাগের উদ্ধৃতি দিয়ে তুরস্কের এনটিভি জানায়, “সন্ত্রাসী দলের পরিণত হতে যাওয়া একটি সেনাবাহিনীকে নেতৃত্বদানকারী কারো বিরুদ্ধে এমন অভিযোগ প্রকৃত একইসঙ্গে দুঃখজনক ও ব্যঙ্গপূর্ণই আমরা বলতে পারি।”
তুরস্কের সেনাবাহিনী নিজেদের দেশের অসা¤প্রদায়িক সংবিধানের রক্ষক মনে করে থাকে। আর তা সমুন্নত রাখার লক্ষ্যে তারা ১৯৬০ থেকে ১৯৮০ সালের মধ্যে তিনটি অভ্যুত্থানও করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪৪৩ ঘ.
bdnews24