বেনগাজি, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বকেয়া বেতনের দাবিতে বৃহস্পতিবার লিবিয়ার পূর্বাঞ্চলীয় বেনগাজি শহরে কয়েকশ’ সেনা বিক্ষোভ করেছে।
আধা সামরিক বাহিনী তাদের ঘাঁটিগুলো দখল করে নিয়েছে বলেও অভিযোগ করেছে তারা।
বিক্ষুব্ধ সেনারা সামরিক পোশাক পরে বেনগাজিতে অবস্থিত কেন্দ্রীয় ব্যাংকের একটি শাখার বাইরে জড়ো হয়।
তারা জানায়, সাবেক বিদ্রোহীদের (যারা গাদ্দাফিকে উচ্ছেদের পর শক্তিশালী আঞ্চলিক আধাসামরিক বাহিনী গড়ে তুলেছে) আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার পরিবর্তে নতুন একটি সামরিক বাহিনী গড়ে তোলার ওপর নতুন সরকারের জোর দেওয়া উচিত।
আন্দোলনে অংশগ্রহনকারী আল মাবরুক আব্দুল্লাহ আল-ওরাইবি বলেন, “আন্দোলনকারীরা সংগঠিত কোনো সেনাবাহিনীতে যোগ দিয়ে চায় না। বরং তারা তাদের বর্তমান অবস্থান ধরে রাখতে চায়।”
ওরাইবি একসময় সেনাবাহিনীর হিসাবরক্ষণ বিভাগে কর্মরত ছিলেন। এখন তিনি মিলিটারি পুলিশে যোগ দিয়েছেন।
তিনি বলেন, “তিনমাস ধরে আমাদেরকে বেতন দেওয়া হচ্ছে না। লিবিয়ার সেনাবাহিনীকে কোণঠাসা করে রাখছে অন্তর্বর্তীকালীন জাতীয় পরিষদ (এসটিসি)।”
সামরিক বাহিনীর প্রতি বিশ্বাস রাখতে না পেরে দেশটির সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফি ১৯৯০ এর দশকে সেনাবাহিনীর ক্ষমতা সীমিত করে আনেন। এরপর তিনি নিজের অনুগত আধা সামরিক বাহিনীর হাতে প্রকৃত ক্ষমতা দিয়ে দেন। তার অনুগত এই বাহিনীই ফেব্র“য়ারিতে শুরু হওয়া বিদ্রোহ দমনের চেষ্টা চালায়।
বিদ্রোহ শুরু হওয়ার পরপই বেশ কিছু সংখ্যক সেনা কর্মকর্তা পক্ষ ত্যাগ করে। আর সাধারণ কিছু সেনাকে গাদ্দাফির পক্ষে লড়াইয়ে বাধ্য করা হলেও অনেকেই কোনো পক্ষেই যোগ দেয়নি। কেউ কেউ অবশ্য বিদ্রোহে যোগ দেয়।
এ সপ্তাহে সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে এক ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয় যা হলো নতুন সেনাবাহিনী গঠনের প্রথম উদ্যোগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩৩৫ ঘ.
bdnews24