২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাণনাশের আশঙ্কায় গিলানির বাড়িতে আশ্রিত হাক্কানি

প্রাণনাশের ভয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাড়িতে লুকিয়ে আছেন যুক্তরাষ্ট্রে নিয়োজিত দেশটির সাবেক রাষ্ট্রদূত হুসেন হাক্কানি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2012, 08:37 AM

Updated : 24 Aug 2022, 10:31 AM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাণনাশের ভয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাড়িতে লুকিয়ে আছেন যুক্তরাষ্ট্রে নিয়োজিত দেশটির সাবেক রাষ্ট্রদূত হুসেন হাক্কানি। মঙ্গলবার ব্রিটিশ একটি সংবাদপত্রকে হাক্কানি একথা জানান বলে টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়েছে। সামরিক বাহিনীর অভ্যুত্থান পরিকল্পনা রুখতে যুক্তরাষ্ট্রের কাছে স্মারকলিপি দেয়ায় তাকে মেরে ফেলা হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। হুসেন হাক্কানি জানান, পাঞ্জাবের গভর্নর সালমান তাসিরের মতো তাকেও হত্যা করা হতে পারে। সালমান ধর্ম অবমাননা আইনের (ব্লাসফেমি) বিরুদ্ধে অবস্থান নেয়ায় নিজ দেহরক্ষীর গুলিতে নিহত হন। পাকিস্তানের সাবেক এ রাষ্ট্রদূতের উদ্ধৃতি দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, “আমার বন্ধু সালমান তাসির ব্লাসফেমির বিরুদ্ধে অবস্থান নেয়ায় দেহরক্ষীর হাতে খুন হয়েছেন। আমাকে ষড়যন্ত্রকারী আখ্যা দেয়া হচ্ছে এবং গণমাধ্যমের মার্কিন অনুচররা সেনাছাউনির একটি গোষ্ঠীর প্ররোচনায় তা করলেও আইনিভাবে আমাকে অভিযুক্ত করা হয়নি।” তিনি আরো জানান, প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি তাকে জোর সমর্থন দেয়ায় অভিযোগ খণ্ডনের চ্যালেঞ্জ নিয়েছেন তিনি। হাক্কানি জানান, যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর তিনি প্রধানমন্ত্রীর বাড়িতে আশ্রয় নেন। এরপর কঠোর নিরাপত্তা প্রহরায় মাত্র তিনবার বাড়ি থেকে বের হন তিনি। “প্রধানমন্ত্রীর বাড়িতে অতিথি হয়ে আছি। তিনি আমার দীর্ঘ দিনের রাজনৈতিক সহচর। আমার নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে এখানে থাকাই আমার জন্য সবচেয়ে ভাল”, বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪৩৫ ঘ.