ইয়াঙ্গুন, জানুয়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারে ৬শ’ রাজবন্দির মধ্যে মাত্র ১২জনকে চলতি সপ্তায় মুক্তি দেওয়া হয়েছে।
গণতন্ত্রকামী নেত্রী অং সান সুকির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি পার্টির ঊর্ধ্বতন কর্মকর্তা নেইঙ্গ নেইঙ্গ বুধবার একথা জানান।
ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারের ঊর্ধ্বতন এক কর্মকর্তা রয়টার্সকে জানান, এ কারাগার থেকে মঙ্গলবার ৯শ’রও বেশি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।
কয়েক দশক ধরে দেশটিতে চলা অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারে রাজবন্দিদের মুক্তি দেওয়ার দাবি জানিয়ে আসছে পশ্চিমা দেশগুলো। এরই পরিপ্রেক্ষিতে সাধারণ ক্ষমা অংশর হিসেবে বেসামরিক সরকার এদেরকে মুক্তি দেয়।
২০১১ সালের মার্চে সেনা সমর্থিত এই সরকার ক্ষমতা গ্রহণের পর অক্টোবর মাসে ২৩০ জন কারাবন্দিকে মুক্তি দেওয়া হয়।
দেশটির মানবাধিকারের অবণতির কারণে গত দু’দশক ধরে বাণিজ্যে 'িনষেধাজ্ঞা চলায় দেশটি বিচ্ছিন্ন ও এর অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে।
নতুন সরকার তাদের ভাবমূর্তি উন্নয়ন ও পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক সহজতর করতে জোর চেষ্টা চালাচ্ছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, কয়েকজন কারাবন্দি বিশেষ করে আদিবাসী বিদ্রোহী নেতাদের মুক্তি দেওয়া হলে নিরাপত্তার জন্য হুমকি দেখা দিতে পারে।
পরিবারের সঙ্গে যোগাযোগ সহজ করতে গত নভেম্বর মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বেশ কয়েকজন বড় বড় রাজবন্দিকে বিভিন্ন কারাগারে স্থানান্তর করে। এছাড়া ধীরে ধীরে অপর রাজবন্দিদের মুক্তি দেওয়া হবে বলেও মন্ত্রণালয় জানায়। তবে এক্ষেত্রে তারা কোনো সময় নির্ধারণ করে দেয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪১৬ ঘ.
bdnews24