২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াহুর নতুন সিইও স্কট থম্পসন

জনপ্রিয় ইন্টারনেট সার্চ ইঞ্জিন ইয়াহু ইনকর্পোরেশনের নতুন প্রধান নির্বাহী হিসেবে বুধবার স্কট থম্পসনের নাম ঘোষণা করা হয়েছে। তিনি ইয়াহুর বোর্ড সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2012, 05:20 AM

Updated : 24 Aug 2022, 10:31 AM

সান ফ্রান্সিসকো, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জনপ্রিয় ইন্টারনেট সার্চ ইঞ্জিন ইয়াহু ইনকর্পোরেশনের নতুন প্রধান নির্বাহী হিসেবে বুধবার স্কট থম্পসনের নাম ঘোষণা করা হয়েছে। তিনি ইয়াহুর বোর্ড সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবেন। ৯ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন তিনি । থম্পসন বর্তমানে ইবে’র অনলাইন পেমেন্ট বিভাগ পেপলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। ইন্টারনেট প্রযুক্তি ও ই-কমার্স বিশেষজ্ঞ থম্পসন ইবে’তে তার সাফল্যের প্রতিফলন ইয়াহুতে ঘটাবেন ও সমস্যাজর্জরিত এই প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাবেন বলে আশা করা হচ্ছে। সাবেক প্রধান নির্বাহী ক্যারোল বার্টজকে অপসারণের চারমাস পর সাবেক ভিসা পেমেন্ট সফটওয়্যার প্ল্যাটফর্ম ডিজাইনার থম্পসন ইয়াহুতে যোগ দিচ্ছেন। এক সাক্ষাতকারে তিনি বলেন, “আমি বোস্টন থেকে এসেছি। শুরু থেকেই আমরা হতভাগা, এ ধারণাটাই সৌভাগ্যক্রমে কাজে লেগেছে। জটিল, কঠিন, চ্যালেঞ্জিং বিষয় আমার খুব পছন্দ।” ইয়াহু বর্তমানে কঠিন সময় পার করছে। আর এর মধ্যে প্রতিষ্ঠানটি বিক্রি বা ব্যক্তি মালিকানায় দিয়ে দেওয়া অথবা একে ভেঙ্গে ফেলার সম্ভাবনাও অন্তর্ভুক্ত রয়েছে। জিএএমকো ইনভেস্টর্স’র ফান্ড ম্যানেজার ও ইয়াহুর শেয়ারহোল্ডার লরেন্স হ্যাভেরটি বলেন, “এটি একটি ইতিবাচক বিষয়। তবে একটি কোম্পানি বিক্রি হওয়ার মতো ইতিবাচক নয়।” “ঝুঁকিটা হলো তিনি (থম্পসন) পেমেন্টের ক্ষেত্রে কাজ করেছেন। আর এটা (ইয়াহু ) পেমেন্ট কোম্পানি নয়। এটা মার্কেটিং, প্রযুক্ত কোম্পানি”, বলেন তিনি ২০০৮ সাল থেকে থম্পসন পেপল চালাচ্ছেন এবং এর আগে তিনি এর প্রধান প্রযুক্তি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। ইয়াহু জানায়, থম্পসনের নেতৃত্বে পেপলের গ্রাহক সংখ্যা ৫০ মিলিয়ন থেকে বেড়ে ১০৪ মিলিয়নেরও বেশি হয়েছে। ইবে’ তে থাকাকালীন থম্পসন বাজি ধরতে ভয় পায়না এমন এক নেতা হিসেবে পরিচিত ছিলেন। ইবে’র প্রধান নির্বাহী জন ডোনাহোয়ে থম্পসনের চলে যাওয়াকে ‘আঘাত’ হিসেবে উল্লেখ করেছেন। প্রতিষ্ঠানের অন্যান্য কর্মীদের তিনি বলেন, “মঙ্গলবার বিকেলে থম্পসন আমাকে জানায়, পেপলের জন্য তার এক ধরনের আবেগ কাজ করলেও এখন তিনি এমন একটা যা সুযোগ পেয়েছেন যা গ্রহণ করা উচিত বলে মনে করছেন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১১১ ঘ.