২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩০ সেকেন্ড সময় পেলে রক্ষা পেত টাইটানিক

৩০ সেকেন্ড আগে জাহাজের গতিপথ পরিবর্তন করলে রক্ষা পেত ‘টাইটানিক’। নতুন এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2012, 11:45 AM

Updated : 24 Aug 2022, 10:30 AM

লন্ডন, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩০ সেকেন্ড আগে জাহাজের গতিপথ পরিবর্তন করলে রক্ষা পেত ‘টাইটানিক’। নতুন এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। ১৯১২ সালের ১৫ এপ্রিল ‘টাইটানিক’ ডুবেছিল। ওই দুর্ঘটনার ১০০ তম বর্ষপূর্তির কয়েকমাস আগে এ তথ্য প্রকাশিত হল। গবেষণায় দেখা গেছে, আইসবার্গটি দেখার পর টাইটানিকের অফিসার ইন চার্জ উইলিয়াম মারডক ৩০ সেকেন্ড পর জাহাজের গতিপথ পরিবর্তন করার নির্দেশ দেওয়ায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়নি টাইটানিক। অর্থাৎ, টাইটানিককে রক্ষার জন্য নাবিকদের হাতে সময় ছিল মাত্র ৩০ সেকেন্ড। যুক্তরাজ্যের ‘দ্য টেলিগ্রাফ’ এ খবর জানিয়েছে। প্রায় ১০০ বছর আগে ‘টাইটানিক’ নামের জাহাজটি ইংল্যান্ডের সাউদ্যাম্পটন থেকে নিউইয়র্ক সিটিতে যাওয়ার পথে উত্তর আটলান্টিক মহাসাগরে একটি আইসবার্গের সঙ্গে ধাক্কা খেয়ে নিমজ্জিত হয়। এ দুর্ঘটনায় ১ হাজার ৪৪৬ জন মানুষ প্রাণ হারায়। গবেষকদের ধারণা, মারডক প্রথমে ভেবেছিলেন জাহাজটি নিরাপদেই ওই বাধা পেরিয়ে যেতে পারবে। এই দ্বিধা-দ্বন্দ্বের কারণেই তিনি জাহাটির গতিপথ পরিবর্তনে সময় নেন। ফলে আইসবার্গের সঙ্গে জাহাজের পেছনের অংশটি ধাক্কা খায়। গবেষণায় বলা হয়েছে, মারডক দ্রুতই সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু জাহাজটিকে দুর্ঘটনার হাত থেকে না বাঁচাতে পারার কারণ আইসবার্গটি দেখা গিয়েছিল অনেক পরে। ১৯১২ সালে জাহাজডুবির তদন্ত প্রতিবেদনে বলা হয়েছিল, জাহাজের ১ হাজার ৫০০ ফুট সামনে আইসবার্গটি দেখা গিয়েছিল এবং ৩৭ সেকেন্ড পর আইসবার্গটির সঙ্গে টাইটানিকের সংঘর্ষ হয়। নতুন গবেষণায় আইসবার্গটি দেখার পর এর সঙ্গে সংঘর্ষের মধ্যবর্তী সঠিক সময় নিরূপণ করা হয়েছে। গবেষণা অনুযায়ী, ২ হাজার ফুট দূরে থাকতেই আইসবার্গটি দেখা গিয়েছিল; সংঘর্ষের প্রায় মিনিটখানেক আগে এবং ওই সময়ের প্রায় অর্ধেক পেরিয়ে যাওয়ার পর জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়। টাইটানিকের ওপর যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মোট ১১ জন গবেষকের সম্পাদিত গবেষণাকর্মের সমন্বয়ে নতুন গবেষণা প্রতিবেদনটি প্রণীত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭৩৩ঘ.