২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে মসজিদে হামলা: একজন গ্রেপ্তার

ব্যক্তিগত আক্রোশ থেকে নিউ ইয়র্কে মসজিদসহ পাঁচটি স্থানে হাতবোমা হামলা চালায় রেলাজির লিজেন্ড নামের ওই ব্যক্তি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2012, 06:25 AM

Updated : 24 Aug 2022, 10:30 AM

নিউ ইয়র্ক, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে মসজিদসহ পাঁচটি স্থানে হাতবোমা (মলোটোভ ককটেল) হামলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্যক্তিগত আক্রোশ থেকে এ হামলা চালানোর কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে সে। নিউইয়র্ক পুলিশের মুখপাত্র পল ব্রাউন মঙ্গলবার সন্ধ্যায় জানান, ৪০ বছর বয়সী রেলাজির লিজেন্ড নামের ওই ব্যক্তি রোববার রাতে কুইন্সের শিয়া সম্প্রদায়ের মসজিদ ও ইসলামিক সেন্টার, একটি দোকান এবং তিনটি বাসায় মলোটোভ ককটেল হামলা চালায়। মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়। তিনি জানান, লিজেন্ড আগে টো ট্রাক চালাতেন। বর্তমানে তিনি বেকার। ৮৯-৮৯ ভ্যানউইক এক্সপ্রেসে শিয়া সম্প্রদায়ের মসজিদ ও ইসলামিক সেন্টারে বাথরুম ব্যবহার করতে না দেওয়ায় ক্ষুব্ধ হন তিনি। নিউইয়র্কের পুলিশ কমিশনার রেমন্ড ক্যালি সাংবাদিকদের জানান, ২৭ ডিসেম্বর কুইন্সের মুসলমান মালিকানাধীন একটি দোকানে দুধ ও স্টারবাক্সের ফ্যাপোচিনো (এক ধরনের পানীয়) চুরির সময় হাতে নাতে ধরা পরেন লিজেন্ড। তাকে পুলিশে না দিয়ে গলাধাক্কা দিয়ে বের করে দেন ইয়েমেনি-আমেরিকান দোকান মালিক। সে সময় লিজেন্ড প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিলেন। তাকে জিজ্ঞাসাবাদকারী কর্মকর্তারা জানান, লিজেন্ড কুইন্সের ১০৭ এভিনিউয়ে এক পটকা ব্যবসায়ীর বাড়িতে ককটেল ছুঁড়তে চেয়েছিলেন। কিন্তু সেটি অন্য বাড়িতে গিয়ে পড়ে। এর আগেও কয়েকবার গ্রেপ্তার হয়েছিলেন লিজেন্ড। পটকা তৈরির সরঞ্জাম চুরির জন্যও একবার তাকে গ্রেপ্তার করা হয়েছিল। জিজ্ঞাসাবাদে লিজেন্ড পুলিশকে বলেন, আল খুই ইসলামিক সেন্টারে তিনি ৪টি ককটেল ছুঁড়তে চেয়েছিলেন। কিন্তু একটি ককটেল বিস্ফোরিত হওয়ার পর দ্রুত সরে গিয়ে লং আইল্যান্ডের এলমন্টের বেজাজ রায়ের বাসায় হামলা চালান তিনি। কুইন্সের ভ্যান উইকে আল খুই ইসলামিক সেন্টারে মঙ্গলবার বেলা ১২টায় এক সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার রেমন্ড কেলি সাংবাদিকদের জানান, লিজেন্ড নিউইয়র্ক শহরেরই বাসিন্দা। নিউ ইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ, কংগ্রেস সদস্য গ্রেগরি মিক্স, কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি রিচার্ড এ ব্রাউন, স্টেট সিনেটর ম্যালকম এক্স, সিটি কন্ট্রোলার জন ল্যু এবং স্থানীয় বিভিন্ন স¤প্রদায়ের নেতারা এই সংবাদ সম্মেলনে অংশ নেন। ব্লুমবার্গ বলেন, “নিউইয়র্ক শহরের ধর্মীয় সম্প্রীতি নষ্ট হতে দেব না। আজকের সংবাদ সম্মেলনে কম্যুনিটির সব স্তরের প্রতিনিধিদের উপস্থিতি এই স¤প্রীতির বড় প্রমাণ।” কংগ্রেস সদস্য গ্রেগরি মিক্স সংবাদ সম্মেলনে বলেন, “আমরা সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধভাবে যে কোনো নাশকতামূলক আচরণ প্রতিহত করবো।” সংবাদ সম্মেলনের আগে কুইন্স এবং লং আইল্যান্ড এলাকার নিরাপত্তা জোরদার করা হয়। যে সব বাড়ি ও প্রতিষ্ঠানে বোমা হামলা হয়েছে সেখানে পুলিশ মোতায়েন করা হয়। আল খুই ইসলামিক সেন্টারের সামনে বসানো হয় ক্লোজড সার্কিট ক্যামেরা। পুলিশ জানায়, নিউ ইয়র্ক সময় রোববার রাত ৮টার দিকে প্রথম মলোটোভ ককটেলটির বিস্ফোরণ ঘটানো হয় কুইন্সের ১৭৯-৪০ হিলসাইড এভিনিউয়ে মুসলিম মালিকানাধীন একটি দোকানে। এতে দোকানের কাউন্টারের পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। দ্বিতীয় হাতবোমাটি ছোড়া হয় কাছাকাছি আরেকটি বাড়িতে। বাসিন্দারা নিরাপদে বের হয়ে এলেও আগুনে বাড়িটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এ বাড়িতে থাকতেন আফ্রিকান-আমেরিকান সোনিয়া বারনেট এবং তার পরিবার। তৃতীয় হাতবোমার লক্ষ্য ছিল ৮৯-৮৯ ভ্যানউইক এক্সপ্রেসে শিয়া সম্প্রদায়ের আল খুই ইসলামিক সেন্টার। হামলার সময় ভেতরে শতাধিক মুসল্লী এশার নামাজ পড়ছিলেন। নিউইয়র্কের শিয়া সম্প্রদায়ের পরিচালিত এ মসজিদের সঙ্গে একটি ইসলামিক স্কুলও আছে। তবে হামলায় মসজিদের তেমন কোনো ক্ষতি হয়নি। চতুর্থ ককটেলটি ছোড়া হয় ৮৮-২০ ১৭০ স্ট্রিটের একটি বাসায়। বাসাটি হিন্দু স¤প্রদায়ের উপাসনার কাজে ব্যবহৃত হয়। রাত নয়টা ৪০ মিনিটে পঞ্চম ককটেল হামলা চালানো হয় লং আইল্যান্ডের এলমন্টে বেজাজ রায়ের বাসায়। সে সময় তিনি পরিবারের সদস্যদের নিয়ে রাতের খাবার খাচ্ছিলেন। ককটেইলের আঘাতে জানালার কাঁচ চৌচির হয়ে যায়। তবে ককটেইলটি বাসার ভেতরে ঢোকেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/১২১০ ঘ.