২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পড়াশোনায় কৃতিত্বের সঙ্গে ব্যায়ামের যোগ আছে

শ্রেণীকক্ষে শিশুরা কতটুকু কৃতিত্ব দেখাবে তার সঙ্গে শারিরীক সক্রিয়তার যোগ থাকতে পারে বলে দাবি করেছেন একদল ডাচ গবেষক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2012, 01:31 PM

Updated : 24 Aug 2022, 10:29 AM

লন্ডন, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শ্রেণীকক্ষে শিশুরা কতটুকু কৃতিত্ব দেখাবে তার সঙ্গে শারিরীক সক্রিয়তার যোগ থাকতে পারে বলে দাবি করেছেন একদল ডাচ গবেষক। গবেষকরা বলেছেন, ব্যায়াম ও পড়াশোনায় কৃতিত্বের মধ্যে যোগসূত্র রয়েছে এমন জোরালো প্রমাণ খুঁজে পেয়েছেন তারা। ১২ হাজার শিশুর ওপর পরিচালিত পূর্ববর্তী ১৪ টি গবেষণা পর্যালোচনা করে তারা এ দাবি করেছেন। পর্যালোচনা প্রতিবেদনে বলা হয়েছে, মস্তিস্কে রক্ত ও অক্সিজেন সরবরাহ বাড়ানোয় ব্যায়াম সহায়ক হতে পারে। তাছাড়া, মানসিক চাপ কমানো ও প্রসন্ন মনোভাব তৈরিতেও ব্যায়াম সহায়তা করতে পারে। প্রধান গবেষক ড. শিং বলেছেন, “যেসব শিশু খেলাধূলায় অংশ নেয় তারা নিয়ম কানুনের প্রতি আনুগত্যের শিক্ষা পায়। এর মানে তারা অনেক বেশি শৃঙ্খল এবং পাঠদানের সময় তারা বেশি মনযোগ দিতে পারে।” তিনি আরো বলেন, “স্বাস্থ্যগত কারণে শিশুরা দিনে কমপক্ষে এক ঘন্টা শারিরীক কসরত করবে। কিন্তু তারা কী ধরনের কসরত করে, কখন করে এবং কতক্ষণ ধরে করে এ ব্যাপারগুলোর দিকে আমাদের খেয়াল রাখতে হবে।” যুক্তরাষ্ট্রের ‘আর্কাইভস অব পেডিয়াট্রিকস এন্ড এ্যডোলেস্সেন্ট মেডিসিন’ নামক গবেষণা সাময়িকীতে পর্যালোচনাটি প্রকাশিত হয়েছে। গবেষণা পরিচালনা করেছে নেদারল্যান্ডস এর রাজধানী আমস্টারডামে অবস্থিত ‘ভিইউ ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টার’ এর ডা. অমিকা সিং ও তার সহকর্মীরা। তবে আরো নিঁখুত ও নির্ভরযোগ্য প্রমাণ খুঁজে পেতে ব্যাপক পরিসরে গবেষণা প্রয়োজন বলে জানিয়েছেন তারা। স্কুলে ভাল ফল পেতে শিশুদের চাপ দেওয়া মানে তাদের পড়াশোনার জন্য বেশি সময় দিয়ে শারীরিক কসরত কমিয়ে দেওয়া হয়। এ আশঙ্কা থেকেই অমিকা সিং ও তার সহকর্মীরা এ গবেষণা পরিচালনায় উদ্ধুদ্ধ হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯২৩ঘ.