ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে আলোচনা আবার শুরু হচ্ছে। এক বছরেরও বেশি সময় পর জর্ডানের উদ্যোগে দুপক্ষ আবার বৈঠকে বসতে রাজি হয়েছে।
তবে বৈঠক নিয়ে আশাবাদী হতে পারছে না কোনো পক্ষই। মঙ্গলবার জর্ডানের রাজধানী আম্মানে বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।
আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে ফিলিস্তিনি আলোচক সায়েব ইরাকাত এবং ইসরায়েলি দূত ইজহাক মোলচো বৈঠকে নিজ নিজ পক্ষের প্রতিনিধিত্ব করবেন।
২০১০ সালের শেষ দিকে পশ্চিম তীরে ইহুদি বসতি নির্মাণ বন্ধের ফিলিস্তিনি আহ্বান ইসরায়েল প্রত্যাখান করলে দুপক্ষের মধ্যে চলমান শান্তি আলোচনা বন্ধ হয়ে যায়।
বৈঠকের আগে থেকে ফিলিস্তিন ও ইসরায়েলি কর্মকর্তাদের নিস্পৃহ আচরণ বৈঠকের ব্যাপারে নতুন কোনো আশা জাগায়নি বলে জানান বিবিসির জেরুজালেম প্রতিনিধি কেভিন কনোলি।
মঙ্গলবারের পর দ্বিপাক্ষীয় আলোচনায় নতুন গতি সঞ্চার না হলে ইসরায়েল বা ফিলিস্তিন কেউ কাউকে অভিযুক্ত করবে না, আলোচনা ঘিরে এ বিষয়টিই প্রাধান্য পচ্ছে বলে জানিয়েছেন তিনি।
ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে সরাসরি দ্বিপক্ষীয় শান্তি আলোচনা শুরুর প্রচেষ্টা হিসেবে জর্ডান এ বৈঠক আয়োজন করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫৫৯ঘ.
bdnews24