ঢাকা, জানুয়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ায় গাদ্দাফি উত্তর প্রস্তাবিত গণপরিষদে ১০ শতাংশ আসন নারীদের জন্য সংরক্ষিত রাখা হবে।
সোমবার প্রকাশিত লিবিয়ার নির্বাচনী আইনের খসড়ায় একথা বলা হয়েছে বলে দ্য ডন জানায়।
লিবিয়ার নির্বাচন প্রস্তুতি কমিটির ওয়েবসাইটে প্রকাশিত ওই খসড়ায় বলা হয়েছে, “লিবিয়ার জাতীয় সাধারণ কংগ্রেস (গণপরিষদ) সরাসরি নির্বাচনের মাধ্যমে দুইশ’ সদস্য নিয়ে গঠিত হবে। এর মধ্যে ১০ শতাংশ আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে।”
চলতি বছর জুনে গণপরিষদ নির্বাচন হতে পারে। এতে অংশগ্রহণকারীদের যোগ্যতা হিসেবে ২৫ বছরের বেশি বয়স হতে হবে বলে জানানো হয়েছে।
সেইসঙ্গে লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির শাসনামলে দায়িত্বপূর্ণ পদে না থাকা বা অর্থ সুবিধা ভোগ করেননি এমন যে কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবে।
এছাড়া ওই খসড়াতে লিবীয়দের ভোট দেয়ার বয়স ন্যূনতম ১৮ বছরই রাখা হয়েছে।
২০১১ সালে ব্যাপক বিক্ষোভ ও গৃহযুদ্ধের মধ্যদিয়ে লিবিয়ায় গাদ্দাফির চার দশকের শাসনের অবসান হয়। ওই বছরই ২০ অক্টোবর জন্ম শহর সির্তে বিদ্রোহীদের হাতে নিহত হন গাদ্দাফি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৩৪২ ঘ.
bdnews24