সিউল, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নববর্ষের বার্তায় উত্তর কোরিয়া নতুন নেতা কিম জং-উনকে ‘মানব ঢাল’ হয়ে রক্ষা করার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছে।
উত্তর কোরিয়ার তিনটি প্রধান সরকারি পত্রিকায় প্রকাশিত ওই বার্তায়, প্রয়াত নেতা কিম জং-ইলের ছেলে জং-উনের মানব ঢাল হওয়ার জন্য সেনাবাহিনী, ক্ষমতাসীন দল ও জনগণকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
খ্রিস্টীয় নববর্ষে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় পত্রিকায় প্রকাশিত সম্পাদকীয়তে এ আহ্বান জানানো হয়।
সরকারি বার্তা সংস্থা কেসিএনএ’র সম্পাদকীয়তে বলা হয়েছে, “আমাদের দল ও জনগণের শীর্ষ নেতা কিম জং-উন সঙ্গুন কোরিয়ার বিজয় ও সুনামের নিশান এবং ঐক্যের শ্বাশত কেন্দ্র।”
এতে আরো বলা হয়, “কিম জং-উনকে মৃত্যু থেকে রক্ষা করতে পুরো সেনাবাহিনী, দল ও জনগণ যেনো মানব ঢাল ও দেয়াল হতে পারে সে ব্যাপারে দৃঢ় প্রত্যয় রাখতে হবে।”
সেইসঙ্গে খাদ্য সংকট সমাধান করা এবং উত্তর কোরিয়াকে সমৃদ্ধশালী করে গড়ে তোলাটা ক্ষমতাসীন ওয়ার্কাস পার্টির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে সম্পাদকীয়তে।
কিম জং-ইল গত বছর ১৭ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যুর পর ছোট ছেলে কিম জং-উনকে উত্তর কোরিয়ার নেতা ঘোষণা করা হয়। শুক্রবার উনকে উত্তর কোরিয়ার সেনাবাহিনী সর্বাধিনায়ক হিসেবেও নিয়োগ দেয়া হয়।
বাবা কিম ইল-সাং মারা গেলে ১৯৯৪ সালে উত্তর কোরিয়ার নেতা হন জেনারেল কিম জং-ইল। তিন প্রজন্ম ধরে উত্তর কোরিয়ার ওয়ার্কাস পার্টির নেতৃত্বে রয়েছে এ পরিবার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭২২ঘ.
bdnews24