২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে আল কায়েদা নেতা আওলাকি নিহত

ইয়েমেনে আল কায়েদা নেতা আনোয়ার আল আওলাকি নিহত হয়েছেন বলে শুক্রবার জানিয়েছে প্রতিরক্ষামন্ত্রণালয়। নামপ্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা এ খবর নিশ্চিত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2011, 11:33 AM

Updated : 24 Aug 2022, 04:26 PM

সানা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ইয়েমেনে আল কায়েদা নেতা আনোয়ার আল আওলাকি নিহত হয়েছেন বলে শুক্রবার জানিয়েছে প্রতিরক্ষামন্ত্রণালয়। নামপ্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা এ খবর নিশ্চিত করেছেন। আওলাকি ইয়েমেনি বংশোদ্ভূত-মার্কিনি। যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী কর্মকর্তাদের তথ্যমতে, আরব উপদ্বীপে আল কায়েদা গোষ্ঠীর (একিউএপি) সক্রিয় নেতা ছিলেন আওলাকি। ইয়েমেনের আল কায়েদা শাখার সঙ্গে তার যোগসাজশ ছিলো। সাংবাদিকদের কাছে পাঠানো বার্তায় এক বিবৃতিতে ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রণালয় জানিয়েছে, আওলাকির সঙ্গে তার কয়েকজন সহযোগীও নিহত হয়েছে। তবে এ ব্যাপারে বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি। ইয়েমেনের এক নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, বিমান হামলায় আওলাকি নিহত হয়েছেন এবং তার সঙ্গে নিহত অন্যান্যরা আল কায়েদার সদস্য বলে ধারণা করা হচ্ছে। আদিবাসী কয়েকটি সূত্র এএফপি বার্তা সংস্থাকে জানায়, আওলাকি ইয়েমেনের পূর্বাঞ্চলীয় আল কায়েদা ঘাঁটি মারিব প্রদেশে বিমান হামলায় নিহত হয়েছেন। তবে ইয়েমেনের সেনাবাহনী বিমান হামলা চালিয়েছে নাকি যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান হামলায় আওলাকি নিহত হয়েছেন তা তাৎক্ষণিকভাবে পরিস্কার জানা যায়নি। ইয়েমেনে ২০০৭ সাল থেকে পলাতক ছিলেন আওলাকি। ইয়েমেন টেলিভিশন তার মৃত্যুর খবর জানিয়েছে। ২০০৯ সালে যুক্তরাষ্ট্রগামী বিমানে একিউএপি'র বোমা হামলায় জড়িত ছিলেন আওলাকি। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ব্যক্তিগতভাবে তাকে হত্যারও নির্দেশ দিয়েছিলেন বলে জানিয়েছে বিবিসি। ১৯৯০ এর দশকে আওলাকি সানডিয়েগো মসজিদে ইমামতি করতেন। ২০০২-০৪ সালে তিনি যুক্তরাজ্যেও ছিলেন। গত বছর নভেম্বরে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি মুসলিমদের মার্কিনি হত্যা অভিযানে নামার ডাক দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৫৪ঘ.