ইসলামাবাদ, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম/রয়টার্স)- পাকিস্তান কখনো হাক্কানি জঙ্গি নেটওয়ার্ককে সমর্থন করেনি বলে দাবি করেছেন দেশটির গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট-জেনারেল আহমেদ সুজা পাশা।
হাক্কানির পেছনে পাকিস্তানের গোয়েন্দাসংস্থা আইএসআই এর সমর্থন থাকার মার্কিন অভিযোগ অস্বীকার করে পাশা বৃহস্পতিবার একথা বলেন।
অভিযোগ পাল্টা অভিযোগ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে বৃহস্পতিবার সর্বদলীয় রাজনৈতিক নেতাদের বৈঠকের পর পাশা বলেন, "আফগানিস্তানে তৎপর জঙ্গি দলগুলোর পেছনে সহায়ক শক্তি হিসাবে কাজ করে যাওয়া অন্য গোয়েন্দা নেটওয়ার্ক আছে।"
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বৈঠকে পাশা বলেছেন, পাকিস্তানের মাটিতে যুক্তরাষ্ট্র সামরিক ব্যবস্থা নিলে তা মেনে নেওয়া হবে না। দেশের সেনাবাহিনী এর জবাব দিতে সক্ষম।
পাক-আফগান সীমান্তে জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের চাপের মুখে আছে পাকিস্তান।
১৩ সেপ্টেম্বরে আফগানিস্তানের মার্কিন দূতাবাসের কাছে হামলার জন্য হাক্কানি জঙ্গি দলকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র।
পাকিস্তান দলটির বিরুদ্ধে ব্যবস্থা না নিলে যুক্তরাষ্ট্র প্রয়োজনে যে কোনো পদক্ষেপ নিয়ে নিজেদের সুরক্ষা ব্যবস্থা করবে বলে ইতোমধ্যেই হুঁশিয়ার করেছে। আর এ থেকেই পাকিস্তানে বিশেষ করে আফগান সীমান্ত অঞ্চল উত্তর ওয়াজিরিস্তানে মার্কিন সামরিক হামলা হতে পারে বলে জল্পনা বাড়ছে।
কিন্তু ইসলামাবাদ জানিয়ে দিয়েছে, তারা হাক্কানির বিরুদ্ধে ব্যবস্থা নেবে না।
কারণ, দেশে তালেবান জঙ্গি তৎপরতার বিরুদ্ধে লড়াইয়ে সেনাবাহিনীর প্রণান্তকর পরিশ্রমের মধ্যে তাদের পক্ষে নতুন করে আরেকটি অভিযান চালানো সম্ভব নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডকম/বিসিএস/এলকিউ/১৬২৫ঘ.
bdnews24