মাখাচকালা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাশিয়ার উত্তর ককেশাসের দাগেস্তানে গাড়িবোমো হামলায় এক পুলিশসহ আটজন নিহত হয়েছে।
বুধবার এ ঘটনা ঘটেছে বলে কর্তৃপক্ষ ও স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।
আঞ্চলিক তদন্তকারী কমিটি জানায়, প্রাদেশিক রাজধানী মাখাচকালা থেকে ৬০ কিলোমিটার (৪০ মাইল) দক্ষিণ-পশ্চিমে হাজ্জালমাখি গ্রামে এ গাড়িবোমা হামলায় এক পুলিশসহ পাঁচজন বেসামরিক মানুষ নিহত হয়।
এছাড়া ১১ বছরের এক মেয়েসহ আরো ২ জন নিহত হয় বলে জানিয়েছে স্থানীয় রেডিও ইকো মস্কভি।
গত সপ্তাহে চেচনিয়া ও কাস্পিয়ান হ্রদের মাঝামাঝি অঞ্চলে তিনটি গাড়িবোমা বিস্ফোরণে ৬ জন নিহত হয়। এছাড়া বন্দুকধারীদেও গুলিতে আরো চারজন নিহত হয়।
সাম্প্রতিক সময়ে দাগেস্তানে নিয়মিত বোমা ও বন্দুকধারীদের হামলার ঘটনা ঘটছে। চেচনিয়ায় দুটি বিচ্ছিন্নতাবাদী যুদ্ধ থেকে উদ্ভূত মুসলিম বিদ্রোহ উত্তর ককেশাসে জঙ্গিবাদরূপে ছড়িয়ে পড়ছে।
রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ইতোমধ্যে জঙ্গিবাদকে বর্তমানে রাশিয়ার নিরাপত্তায় সবচেয়ে বড় হুমকি বলে ঘোষণা দিয়েছেন।
গত জানুয়ারিতে মস্কোর দোমোদেদোভো বিমান বন্দরে এক আত্মঘাতী বোমা হামলায় ৩৭ জন নিহতের ঘটনার দায় স্বীকার করে একটি জঙ্গি সংগঠন। এছাড়া গত বছর মস্কোর পাতালরেল স্টেশনে বোমা হামলায় ৪০ জন নিহতের ঘটনার দায়ও স্বীকার করে জঙ্গিরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৫৩৯ ঘ.
bdnews24