ওয়াশিংটন, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্থানভিত্তিক হাক্কানি নেটওয়ার্ককে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। নেটওয়ার্কটির বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা জারির উদ্দেশ্যেই বিষয়টি বিবেচনায় নিয়েছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বুধবার একথা জানান।
গত কয়েক সপ্তাহে হাক্কানি নেটওয়ার্কের জঙ্গিরা আফগানিস্তানে দূতাবাসসহ কয়েকটি মার্কিন লক্ষ্যে আত্মঘাতী হামলা চালায়।
সফররত মিশরীয় পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকদের হিলারি বলেন, "হাক্কানি নেটওয়ার্ককে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করতে যুক্তরাষ্ট্র সরকার এক ব্যাপক ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছে, এ বিষয়ে চূড়ান্ত পর্যালোচনা চলছে।"
যুক্তরাষ্ট্র ইতোমধ্যে হাক্কানি নেটওয়ার্কের বেশ কয়েকজন নেতার নাম সন্ত্রাসী হিসেবে কালোতালিকাভুক্ত করেছে জানিয়ে হিলারি বলেন, এ ধরনের গোষ্ঠীর ওপর চাপ প্রয়োগ করতে যুক্তরাষ্ট্র পাকিস্তানের সাথে কাজ করবে।
"সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে এবং বিশেষভাবে যারা পাকিস্তানকে তাদের নিরাপদ স্বর্গ বানিয়েছে, আমরা আমাদের পাকিস্তানি সহযোগীদের সাথে নিয়ে তাদের সমূলে উচ্ছেদ করতে চাই," বলেন হিলারি।
হাক্কানি নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন হিশেবে তালিকাভুক্ত করলে ওই নেটওয়ার্ককে কোন ধরনের সহযোগিতা দেওয়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নিষিদ্ধ হবে এবং সংগঠনটির কোন সম্পদ যুক্তরাষ্ট্রে থাকলে তা জব্দ করা হবে।
চলতি মাসে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই'র সহযোগিতায় হাক্কানি নেটওয়ার্ক কাবুলের যুক্তরাষ্ট্র দূতাবাসে হামলা চালিয়েছে বলে মার্কিন কর্মকর্তারা অভিযোগ করে।
যুক্তরাষ্ট্রের এই অভিযোগ প্রত্যাখ্যান করে 'হাক্কানি নেটওয়ার্ক'র বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না বলে কঠোর ভাষায় জানিয়ে দেয় পাকিস্তান। উল্টো 'হাক্কানি নেটওয়ার্ক' সিআইএ'র তৈরি বলে পাকিস্তান অভিযোগ করে।
সা¤প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্কের টানাপড়েন অনেকটা প্রকাশ্যরূপ নিয়েছে। সর্বশেষ হাক্কানি নেটওয়ার্ক নিয়ে দ্বন্দ্বে দুই দেশের মধ্যকার সম্পর্ক শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়, তাই এখন দেখার বিষয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪০৯ ঘ.
bdnews24