লন্ডন, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñলিবিয়ার পলাতক নেতা মুয়াম্মার গাদ্দাফি আলজেরিয়া সীমান্তবর্তী শহর গাদামিস এর কাছে লুকিয়ে আছেন- এমন ধারণাই করা হচ্ছে বলে জানিয়েছেন এনটিসি'র এক কর্মকর্তা।
লিবিয়ার নতুন শাসকগোষ্ঠীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা হিশাম বুহাগিয়ার মঙ্গলবার ফোনে রয়টার্সকে বলেন, "তুরেগ আদিবাসীরা এখনো গাদ্দাফিকে সুরক্ষা দিচ্ছে এবং তিনি দক্ষিণের গাদামিস অঞ্চলে আছেন বলেই ধারণা করা হচ্ছে।"
গাদ্দাফিকে খুঁজে বের করার অভিযানের নেতৃস্থানীয় কর্মকর্তা বুহাগিয়ার এও বলেন, এক সপ্তাহ আগে গাদামিস যাওয়ার আগে গাদ্দাফি দক্ষিণাঞ্চলীয় শহর সামনুতে ছিলেন বলে মনে করা হচ্ছিলো।
বিস্তারিত কিছু না জানিয়ে তিনি বলেন, "ওই অঞ্চলে আরব অধিবাসী ও গাদ্দাফি সমর্থক তুরেগ আদিবাসীদের মধ্যে লড়াই হচ্ছে। আমরা আলোচনা করছি। গাদ্দাফি অনুসন্ধান ভিন্ন মাত্রা পাচ্ছে।"
তিনি আরো জানান, গাদ্দাফির এক ছেলে সাইফ আল-ইসলাম বনি ওয়ালিদে এবং আরেক ছেলে মুতাসেম সির্তে রয়েছেন।
বুহাগিয়ার বলেন, "তারা দুজনেই সম্ভবত নাইজারের উদ্দেশ্যে লিবিয়া ছেড়ে যাওয়ার চিন্তা করছে।"
গাদ্দাফির স্ত্রী এবং ছেলে মেয়েসহ তার পরিবারের আরো কয়েকজন সদস্য অগাস্টে আলজেরিয়ায় পালিয়ে যায়।
লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে এক এনটিসি কর্মকর্তা বলেন, তারা মূলত আলজেরিয়া এবং নাইজার সীমান্তেই গাদ্দাফির খোঁজ করছেন। কারণ, দক্ষিণের ওই অঞ্চল দিয়েই গাদ্দাফি আফ্রিকা সীমান্তে পাড়ি জমাতে পারবেন।
তিনি জানান, ত্রিপোলির পতনের পর বেশ কিছু ভারী অস্ত্রশস্ত্রবাহী গাড়িবহর ওই এলাকার সীমান্ত পেরুতে দেখা গেছে। তবে গাদ্দাফি সেই গাড়িবহরে ছিলেন না বলেই সবার ধারণা।
গাদ্দাফির শক্ত ঘাঁটিগুলোর একটি হচ্ছে তার জন্মশহর সির্ত। এ শহরটিকে লিবিয়ার ক্ষমতাসীন 'ন্যাশনাল ট্রান্সিশনাল কাউন্সিল' (এনটিসি)'র সেনারা ঘিরে রেখেছে এবং ন্যাটোর যুদ্ধবিমান থেকে ক্রমাগত বোমা ফেলা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭৪২ঘ.
bdnews24