সাংহাই, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনে সাংহাইয়ের মধ্যাঞ্চলে মঙ্গলবার দুটি পাতাল রেলের সংঘর্ষে ২৭০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত হয়েছে ২০ জন।
মাত্র দুমাস আগে চীনে দুটি বুলেট ট্রেনের সংঘর্ষে হতাহতের ঘটনার পর ফের এ ট্রেন দুর্ঘটনায় নতুন করে জনরোষ সৃষ্টি হয়েছে।
চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, রেল স্টেশনে সিগনালের গোলযোগের কারণে দুর্ঘটনা ঘটেছে। আহত বেশিরভাগ মানুষেরই হাড় ভেঙেছে। তাদের কারো অবস্থাই আশঙ্কাজনক নয়। এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১৮০ জন।
ট্রেন কোম্পানি সাংহাই মেট্রো একটি ট্রেনে গোলযোগ থাকার কথা জানানোর প্রায় ৪০ মিনিট পর ইউ ইউয়ান স্টেশনের কাছে স্থানীয় সময় দুপুর ২ টা ৫১ মিনিটে দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।
সাংহাই সরকারের প্রচারণা বিভাগের এক কর্মকর্তা এর আগের খবরে টেলিফোনে জানান, "আমরা যতদূর জানি ২৬০ জনেরও বেশি আহতকে হাসপাতালে পাঠানো হয়েছে। কোনো মৃত্যুর খবর আমরা পাইনি।"
দুর্ঘটনার সময় কর্মীরা ট্রেনটির নির্দেশনা দিচ্ছিল বলে জানা গেছে।
এর আগে জুলাইতে চীনে দ্রুতগতির দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ৪০ জন নিহত হয়। ওই ঘটনয় ট্রেনের নিরাপত্তার মান নিয়ে ক্ষুব্ধ হয় জনগণ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২০৩৩ ঘ.
bdnews24