২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সির্তে অস্ত্রবিরতি চায় গাদ্দাফিপন্থিরা

লিবিয়ার অবরুদ্ধ সির্ত শহরের গাদ্দাফি অনুগতরা মঙ্গলবার অন্তর্বর্তী সরকার বাহিনীর কাছে অস্ত্রবিরতির অনুরোধ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2011, 01:43 PM

Updated : 24 Aug 2022, 04:24 PM

সির্ত, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার অবরুদ্ধ সির্ত শহরের গাদ্দাফি অনুগতরা মঙ্গলবার অন্তর্বর্তী সরকার বাহিনীর কাছে অস্ত্রবিরতির অনুরোধ জানিয়েছে। সির্তে গাদ্দাফির আদিবাসী গোষ্ঠীর এক বায়োজ্যেষ্ঠ নেতা এ অস্ত্রবিরতি চেয়েছেন। লিবিয়ার অন্তর্বর্তী সরকারের স্থানীয় সেনা কমান্ডার তৌহামি জায়ানি বলেছেন, ওই নেতার সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে ইতোমধ্যেই আলোচনা শুরু করেছেন তিনি। সির্তের বাইরে আল-ফারুক ব্রিগেডের কমান্ডার জায়ানি ওই নেতার পরিচয় জানাননি। তবে তিনি জানান, আদিবাসী ওই নেতা ফোন করে তাকে যুদ্ধবিরতির অনুরোধ জানিয়ে বলেছেন, পরিবার পরিজন নিয়ে শহরের বাইরে যাওয়ার জন্য তাদের নিরাপদ করিডোর দরকার। জায়ানি আরো জানান, গাদ্দাফির আদিবাসী গোষ্ঠীর পরিবারগুলোকে সির্ত ত্যাগ করতে দেওয়ার বিষয়টিতে তিনি রাজি। কিন্তু গাদ্দাফির সশস্ত্র যোদ্ধাদের আত্মসমর্পণের বিষয়টি নিয়ে এখনো আলোচনা চলছে। তবে তিনি বলেন, বিস্তারিত আলোচনা হয়নি। তারা কিভাবে সির্ত ছেড়ে যাবে তা নিয়ে আমরা খুব বেশি আলোচনা করিনি। তবে এর জন্য তাদেরকে অস্ত্র ত্যাগ করতে হবে- পরিস্থিতিটা এরকমই দাঁড়াবে বলে আমি মনে করি। আলোচনা চলতে থাকায় সির্ত এর পশ্চিমাঞ্চলে লড়াই কিছুটা থিতিয়ে এসেছে। ওই অঞ্চলে অবস্থান নিয়ে আছে জায়ানির ব্রিগেড। তবে সির্তের কেন্দ্রস্থলের কাছে পূর্বাঞ্চলে যুদ্ধবিরতির কোনো লক্ষণ নেই। এনটিসি বাহিনী শহরটি দখলের চেষ্টা করে যাচ্ছে। তারা শহরটি ঘিরে ফেলেছে। সেইসঙ্গে চলছে ন্যাটো বিমান হামলাও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৩২ ঘ.