ম্যানিলা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিপাইনে টাইফুন নেসাতের তাণ্ডবে এক শিশুসহ অন্তত ৭ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছে ৪ জন। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিভিন্ন স্থানে আকস্মিক বন্যা দেখা দিয়েছে।
রাজধানী ম্যানিলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার ফিলিপাইনের পূর্বাঞ্চলীয় ইসাবেলা এবং অরোরা প্রদেশের উপকূলে টাইফুন নেসাত ঘন্টায় ১০৫ মাইল বেগে আঘাত হেনে লুজন দ্বীপের দিকে অগ্রসর হয়। লুসনে ফিলিপাইনের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষের বসবাস। দুর্যোগ মোকাবেলা সংস্থা চারজন নিখোঁজ হওয়ার কথা জানিয়েছে।
বিবিসি জানায়, নেসাতের কারণে ফিলিপাইনের প্রধান পুঁজিবাজার বন্ধ রয়েছে। এ ছাড়া অনেক রাস্তায় আকস্মিক বন্যার কারণে ডুবে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বিরূপ আবহাওয়ার কারণে বিমান চলাচল বন্ধ রয়েছে, অনেক ফ্লাইট ইতোমধ্যে বাতিল করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো অপ্রয়োজনী ভ্রমণ থেকে বিরত থাকতে জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে।
রাজধানী ম্যানিলায় সরকারি প্রতিষ্ঠান, স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। শহরটির অধিবাসীদের ঘরের ভেতরে অবস্থানের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
এরআগে টাইফুন আঘাত হানার পূর্বাভাসে ক্ষয়-ক্ষতি এড়াতে দেশটির মধ্যাঞ্চলীয় আলবে প্রদেশের বিভিন্ন শহর থেকে প্রায় ১ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।
টাইফুন নেসাত ফিলিপাইনের পর বৃহস্পতিবার চীনের দক্ষিণাঞ্চলে সরে যাবে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়।
দুই বছর আগে দেশটিতে ভয়াবহ টাইফুন ক্যাটসানার আঘাতে ৪শ'রও বেশি মানুষ নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এমডি/এলকিউ/১৬৪৪ঘ.
bdnews24