বাগাদাদ, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১৮টি অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমান কেনার একটি চুক্তি স্বাক্ষর করেছে ইরাক।
বিমান বাহিনীকে শক্তিশালী করার লক্ষ্যে ইরাক এই পদক্ষেপ গ্রহণ করেছে বলে দেশটির প্রধানমন্ত্রী নুরি আল মালিকির এক উপদেষ্টা সোমবার জানিয়েছেন।
এফ-১৬ সমরবিমানের নির্মাতা যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠান লকহিড মার্টিন কোম্পানি।
যুক্তরাষ্ট্র সামরিক বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বিমানগুলো কেনার জন্য ইরাকের প্রায় ৩শ' কোটি ডলার ব্যয় হবে।
আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ইরাক থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রত্যাহারের কথা রয়েছে। মার্কিন বাহিনী ইরাক ছাড়ার পর বিমান বাহিনীকে শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছে ইরাকি সরকার। ওই পরিকল্পনার বাস্তব রূপ দিতেই এ চুক্তি বলে জানিয়েছেন ইরাকি ও মার্কিন সেনা কর্মকর্তারা।
ইরাকি প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা আলি আল মুসাভি জানান, যুদ্ধবিমান কেনার চুক্তি হয়েছে এবং বিমান কেনা বাবদ প্রয়োজনীয় অর্থের একটি অংশ লকহিড মার্টিন কোম্পানির ব্যাংক হিসাবে পাঠিয়ে দেওয়া হয়েছে।
ইরাকের এফ-১৬ বিমান ক্রয় চুক্তির বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে পেন্টাগন সজাগ রয়েছে বলে জানালেও বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে নি তারা।
এ বিষয়ে এক বিবৃতিতে লকহিড মার্টিন জানায়, বিমান ক্রয় সংক্রান্ত চুক্তিতে যুক্তরাষ্ট্র ও ইরাক সরকারের মধ্যে সমঝোতা হওয়ায় তারা সন্তুষ্ট। বিবৃতিতে এফ-১৬ ব্যবহারকারী ২৬তম রাষ্ট্র হিসেবে ইরাককে অভিনন্দন জানায় লকহিড।
যুক্তরাষ্ট্র্রের তথ্য মতে, ইরাকের আকাশ প্রতিরক্ষার জন্য দুটি বাহিনী আছে। এর একটি ইরাকি বিমান বাহিনী ও অপরটি আর্মি এভিয়েশন কমান্ড। এ দুই বাহিনীর মাত্র ৬৯টি বিমান ও ৮৯টি হেলিকপ্টার আছে। দুই বাহিনীর সদস্য সংখ্যা প্রায় ৭ হাজার পাঁচশ জন।
হেলফায়ার ক্ষেপণাস্ত্র সজ্জিত তিনটি সেসনা পরিবহন বিমান থাকলেও ইরাকি প্রতিরক্ষা বাহিনীর কোন দ্রুতগামী যুদ্ধবিমান নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৩০ ঘ.
bdnews24