ম্যানিলা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñ ফিলিপাইনে ধেয়ে যাচ্ছে টাইফুন নেসাত। ঘূর্ণিঝড়টি ক্রমেই শক্তিশালী হতে থাকায় লুজন দ্বীপে বন্যা ও ভূমিধসের আশঙ্কায় সেখান থেকে লক্ষাধিক লোককে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার ভোরের দিকে টাইফুনটি লুজনে আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফিলিপাইনের দুর্যোগ প্রতিরোধ ও ব্যবস্থাপনা পরিষদ জানায়, সোমবার ছয়জন জেলে নিখোঁজ হয়েছে। এয়াড়া, প্রায় ৫০ হাজার মানুষকে মধ্যাঞ্চলের আলবে প্রদেশে সাময়িক আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।
আবহাওয়াবিদ রবার্ট সাবি সাংবাদিকদের জানান, টাইফুন নেসাত মঙ্গলবার উত্তরাঞ্চলের অরোরা এবং ইসাবেলা প্রদেশে তাণ্ডব ঘটাতে পারে। এরপর উত্তর পশ্চিমাঞ্চলের আইলোকোসের ওপর দিয়ে বয়ে যাওয়ার আগে ঝড়টি পার্বত্যাঞ্চল অতিক্রম করবে।
টাইফুনের বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার থেকে ১৬০ কিলোমিটার। নেসাত অরোরা প্রদেশের কাসিগুরান শহর থেকে ২৬০ কিলোমিটার পূর্বে অবস্থান করছে এবং ঘণ্টায় ১৯ কিলোমিটার বেগে পশ্চিম থেকে উত্তর পশ্চিমে ধেয়ে যাচ্ছে।
টাইফুন নেসাতের ফলে রাজধানী ম্যানিলাতেও ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে এবং প্রবল বৃষ্টিপাত হচ্ছে। মধ্যাঞ্চলে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে এবং দুপুরের পর স্কুলগুলো ছুটি দিয়ে দেয়া হয়েছে। টাইফুনটি ক্যাটাগরি তিন এ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮৪২ঘ.
bdnews24