কাঠমান্ডু, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নেপালে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১৯ আরোহীর সবাই নিহত হয়েছেন। বিমানের যাত্রীরা সবাই পর্যটক।
নেপালি টেলিভিশন জানিয়েছে, রোববার সকালে নেপালের রাজধানী কাঠমান্ডুর ৫ কিলোমিটার দক্ষিণে কোটডান্ডা এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। আরোহীদের মধ্যে ১৬ জন পর্যটক ও তিন জন ক্রু।
বিমানযাত্রীদের মধ্যে ১০ জন ভারতীয়সহ ১৩ জন বিদেশি ছিলেন। অন্য তিন যাত্রী নেপালি।
পর্যটকরা বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট ও হিমালয়ের অন্যান্য শৃঙ্গ দেখে কাঠমান্ডু ফেরার সময় খারাপ আবহাওয়ার মধ্যে দুর্ঘটনায় পড়ে। এসময় কাঠমান্ডু ও এর আশপাশের পাহাড়গুলো মেঘে ঢাকা ছিলো।
দুর্ঘটনায় মারাত্মক আহত এক যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হাসপাতালেই তিনি মারা যান বলে জানিয়েছে পুলিশ। বাকিরা সবাই দুর্ঘটনাস্থলেই মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এমআই/১১৪৮ ঘ.
bdnews24