২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উপগ্রহটি পৃথিবীতে পড়েছে খণ্ড খণ্ড হয়ে

ছয় টন ওজনের কৃত্রিম উপগ্রহটি শনিবার সকালে পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে খণ্ড খণ্ড হয়ে প্রশান্ত মহাসগরীয় এলাকায় ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে নাসা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2011, 09:31 AM

Updated : 24 Aug 2022, 04:22 PM

কেপ ক্যানাভেরাল, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ছয় টন ওজনের কৃত্রিম উপগ্রহটি শনিবার সকালে পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে খণ্ড খণ্ড হয়ে প্রশান্ত মহাসগরীয় এলাকায় ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে নাসা। এর খণ্ডাংশ পশ্চিম কানাডার ক্যালগারির দক্ষিণে ওকোটোকস শহরে পড়েছে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারের মাধ্যমে জানা গেছে। আপার অ্যাটমোসফেয়ার রিসার্চ স্যাটেলাইট (আইএআরএস) নামে পরিচিত এ কৃত্রিম উপগ্রহটি ২০ বছর ধরে কক্ষপথে ঘুরছিলো। । এই উপগ্রহই পৃথিবীর মানুষকে জানিয়েছিল ওজোন স্তরে ফুটো হওয়ার কথা। জ্বালানি ফুরিয়ে যাওয়ায় ২০০৫ সালে এর কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর থেকেই কক্ষচ্যুত হয়ে পৃথিবীর টানে সরে আসতে থাকে এটি। শুরু থেকেই এর ওপর চোখ রেখেছিলেন গবেষকরা। উচুঁ কক্ষপথে প্রদক্ষিণের ফলে পৃথিবীতে ফেরার সময় এর অবতরণের সঠিক স্থান নিরূপণ করতে পারেনি নাসার বিজ্ঞানীরা। তবে আন্তর্জাতিক সময় অনুযায়ী শনিবার ভোর পৌনে ৪টা থেকে পৌনে ৫টার মধ্যে মধ্যে এটি অবতরণ করতে পারে বলে নাসার পক্ষ থেকে জানানো হয়েছিলো। সাধারণত পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার পরে বাতাসের ঘর্ষণে কৃত্রিম উপগ্রহগুলো সম্পূর্ণ পুড়ে যায়। তবে ইউএআরএসের ২৬টি পৃথক অংশ পৃথিবীতে এসে পড়েছে যার মোট ভর প্রায় পাঁচশ কেজি। তবে পৃথিবীর বেশিরভাগ অংশ পানিতে পূর্ণ হওয়ায় এসব ধ্বংসাবশেষ দিয়ে কোনো মানুষের আঘাতপ্রাপ্ত হওয়ার ম্ভাবনা ছিলো না বললেই চলে। ১০ দশমিক ৬ মিটার (৩৫ ফুট) লম্বা এবং ৪ দশমিক ৫ মিটার (১৫ ফুট) ব্যাসের ইউএআরএস ভূ-পৃষ্ঠে নিয়ন্ত্রণহীনভাবে আছড়ে পড়ে বিধ্বস্ত হওয়া বিশাল আকারের কৃত্রিম উপগ্রহগুলোর একটি। ১৯৭৯ সালে নাসার ৭৫ টন ওজনের স্কাইল্যাব স্টেশন এভাবে নিয়ন্ত্রণহীনভাবে আছড়ে পড়েছিলো। ২০০১ সালে প্রশান্ত মহাসাগরে আছড়ে পড়ে মহাকাশে রাশিয়ার সর্বশেষ মহাকাশ কেন্দ্র মির। তবে মিরের গতিপথ নিয়ন্ত্রণ করা হয়েছিলো। বর্তমানে নাসা গতিপথ নিয়ন্ত্রণ করা সম্ভব এমন কৃত্রিম উপগ্রহ নির্মাণ শুরু করেছে। তবে ইউএআরএস নির্মাণের সময় এ প্রযুক্তি ব্যবহার করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমআই/১১২৫ ঘ.