জাতিসংঘ, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রবল বিরোধিতার পরও শুক্রবার জাতিসংঘে পূর্ণ সদস্যপদের আনুষ্ঠানিক আবেদন করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
নিউ ইয়র্কে স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার পর তিনি জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে দেখা করে এই লিখিত আবেদন হস্তান্তর করেন।
এর কিছুক্ষণ পর জাতিসংঘ সাধারণ অধিবেশনে নিজেদের দাবির পক্ষে যুক্তি তুলে ধরে আব্বাস বলেন, আমরা শান্তির জন্য ইসরায়েল সরকার ও সে দেশের জনগণের প্রতি হাত বাড়িয়ে রেখেছি। শান্তি আলোচনাতেও অংশ নিয়েছি। কিন্তু ইহুদি বসতি স্থাপন অব্যাহত থাকায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
ফিলিস্তিন জাতির স্বাধীন রাষ্ট্রের দাবি মেনে নিয়ে তাদের জাতিসংঘের ১৯৪তম সদস্য করে নেওয়ার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান তিনি।
অধিবেশনে উপস্থিত বিশ্ব নেতৃবৃন্দ তার এ বক্তব্যকে করতালি দিয়ে স্বাগত জানান।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ২০ বছর ধরে 'মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা' চললেও তার ব্যর্থতা থেকেই ফিলিস্তিনের এই দাবি জাতিসংঘে উঠলো। অবশ্য যুক্তরাষ্ট্রের 'ভেটো' হুমকিতে জাতিসংঘে তাদের পূর্ণ সদস্য রাষ্ট্রের মর্যাদা পাওয়ার বিষয়টি অনেকটাই অনিশ্চিত।
দীর্ঘদিনের সংগ্রামের পথ ধরে ইয়াসির আরাফাতের নেতৃত্বে ১৯৭৪ এর নভেম্বরে ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) নামে জাতিসংঘের পর্যবেক্ষকের স্বীকৃতি পায় ফিলিস্তিন। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সেই 'স্বপ্নকে' পূর্ণতা দেওয়ার দাবি নিয়ে এবার জাতিসংঘে এসেছেন মাহমুদ আব্বাস।
জাতিসংঘ অধিবেশনে আব্বাসের পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্য দেওয়ার কথা রয়েছে। ফিলিস্তিনের দাবি তিনি সরাসরি প্রত্যাখ্যান করবেন বলেই ধারণা করছেন সংশ্লিষ্টরা।
গত বছর এই জাতিসংঘেই এক বছরের মধ্যে ফিলিস্তিনিরা একটি 'রাষ্ট্র' পাবে বলে আশার কথা শুনিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। কিন্তু তার 'আন্তরিক' প্রচেষ্টার পরও গত এক বছর ধরে শান্তি আলোচনা বন্ধ থাকে। বুধবার জাসিংঘে দেওয়া ভাষণে এ বিষয়ে হতাশাও প্রকাশ করেন তিনি।
জাতিসংঘে স্বীকৃতিতে নয়, কেবল ইসরায়েলের সঙ্গে সমঝোতার মাধ্যমেই ফিলিস্তিনে শান্তি সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
জাতিসংঘে আনুষ্ঠানিক প্রস্তাব তোলার ব্যাপারে আব্বাসকে বিরত থাকার আহ্বান জানিয়ে ওবামা বলেন, "আমি নিশ্চিত যে, গত কয়েক দশক ধরে চলতে থাকা এই সংঘাত অবসানের কোনো ছোটো-খাটো পথ নেই।"
আব্বাস শেষ পর্যন্ত পূর্ণ সদস্যপদের আবেদন জমা দিলেও নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র তাতে ভেটো দেবে বলে আগেই জানিয়ে রেখেছেন তিনি।
জাতিসংঘে স্বীকৃতি
নিয়ম অনুযায়ী, মাহমুদ আব্বাসের এই আবেদন অনুমোদনের জন্য নিরাপত্তা পরিষদে পাঠাবেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। সেখানে প্রস্তাবটি পাস হতে হলে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে নয় সদস্যের সমর্থন লাগবে। তবে এ পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের কেউ ভেটো দিলেই বিষয়টি আটকে যাবে।
নিরাপত্তা পরিষদে পাস হলে চূড়ান্ত অনুমোদনের জন্য সাধারণ পরিষদের দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন পেতে হবে ফিলিস্তিনকে।
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের মধ্যে চীন ও রাশিয়া ইতোমধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছে। অস্থায়ী সদস্য দেশের মধ্যে এ স্বীকৃতি দেওয়ার তালিকায় রয়েছে, বসনিয়া- হারজেগোভিনা, ব্রাজিল, গ্যাবন, ভারত, নাইজেরিয়া, লেবানন ও দক্ষিণ আফ্রিকা। জাতিসংঘ সাধারণ পরিষদের ১৯৩ সদস্যের মধ্যে ১২২টিই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।
ফিলিস্তিনিদের চাওয়া
১৯৬৭ সালের যুদ্ধ পূর্ববর্তী সীমান্ত অনুযায়ী পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা নিয়ে একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র চায় ফিলিস্তিনিরা। ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের পর থেকে গাজা অবরোধ করে রেখেছে ইসরায়েল।
গত দুবছর ধরে কূটনৈতিক কৌশলের অংশ হিসেবে বিভিন্ন দেশের কাছে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি চোয়ে সফল হন ফিলিস্তিনি কর্মকর্তারা। এখন তারা এ দাবি নিয়ে যাচ্ছেন জাতিসংঘে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/২২৫৫ ঘ.
bdnews24