২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাবধান, উপগ্রহ

যুক্তরাষ্ট্রের পরিত্যক্ত একটি কৃত্রিম উপগ্রহ ধেয়ে আসছে পৃথিবীর দিকে। বাংলাদেশ সময় শনিবার ভোরের দিকে ৬ টন ওজনের মোটামুটি বাসের আকৃতির এই উপগ্রহ প্রবেশ করবে পৃথিবীর বায়ুমণ্ডলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2011, 01:18 PM

Updated : 24 Aug 2022, 04:21 PM

ফ্লোরিডা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের পরিত্যক্ত একটি কৃত্রিম উপগ্রহ ধেয়ে আসছে পৃথিবীর দিকে। বাংলাদেশ সময় শনিবার ভোরের দিকে ৬ টন ওজনের মোটামুটি বাসের আকৃতির এই উপগ্রহ প্রবেশ করবে পৃথিবীর বায়ুমণ্ডলে। অ্যাটমোসফিয়ার রিসার্চ স্যাটেলাইট (ইউএআরএস) ধরনের এ উপগ্রহটি ১৯৯১ সালে মহাকাশে পাঠিয়েছিল যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এই উপগ্রহই পৃথিবীর মানুষকে জানিয়েছিল ওজোন স্তরে ফুটো হওয়ার কথা। জ্বালানি ফুরিয়ে যাওয়ায় ২০০৫ সালে এর কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর থেকেই কক্ষচ্যুত হয়ে পৃথিবীর টানে সরে আসছে এটি। শুরু থেকেই এর ওপর চোখ রেখেছেন গবেষকরা। নাসার গবেষকরা বলছেন, বায়ুমণ্ডলে প্রবেশের পর কয়েক ট্রিলিয়ন টুকরোতে পরিণত হবে এটি। এসব টুকরো ছড়িয়ে পড়তে পারে ৫০০ মাইল এলাকাজুড়ে। প্রবল গতির কারণে আর বাতাসের সঙ্গে সংঘর্ষে এসব টুকরোর বেশিরভাগই বায়ুমণ্ডলে পুড়ে নিঃশেষ হয়ে যাবে। তবে শেষ পর্যন্ত ভূ-পৃষ্ঠে পৌঁছাতে পারে এমন ২৬টি অংশ চিহ্নিত করেছেন নাসার গবেষকরা, যার মধ্যে সবচে বড়টির ওজন ৩৫০ পাউন্ড, আকার একটি রেফ্রিজারেটরের মতো। নাসার সর্বশেষ তথ্য অনুযায়ী, এটি পৃথিবীর দিকে ধেয়ে আসছে সেকেন্ডে ৫ মাইল গতিতে। উপগ্রহটি কোথায় পড়বে তা জানাতে না পারলেও গবেষকরা এটা নিশ্চিত করেছেন যে, স্থানটি উত্তর আমেরিকার কোথাও নয়। তারা বলছেন, ৫৭ ডিগ্রি উত্তর এবং ৫৭ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে যে কোনো স্থানে পড়তে পারে এটি। এর মানে হলো, অ্যান্টার্টিকা ছাড়া পৃথিবীর সব এলাকাতেই উপগ্রহটির টুকরো এসে পড়তে পারে। যে গতিতে উপগ্রহটি আসছে, তাতে সতর্ক হওয়ার জন্য মাত্র ২০ মিনিট সময় পাওয়া যাবে বলে ধারণা করছেন গবেষকরা। অংকের হিসাবে উপগ্রহের ভাঙা টুকরো মাথায় পড়তে পারে- এমন ঝুঁকিতে রয়েছেন প্রতি ৩ হাজার ২০০ জনে একজন। অবশ্য এর আগে মহাকাশ থেকে অকেজো কোনো যন্ত্রপাতি কারো মাথায় পড়ার নজির নেই। আর কোনো টুকরো যদি ভূপৃষ্ঠে এসেই পড়ে, তা স্পর্শ না করার পরামর্শ দিয়েছেন নাসার গবেষক জিন স্ট্যান্সবেরি। তিনি বলছেন, উপগ্রহ পড়ার খবরে আতঙ্কিত হওয়ারও তেমন কিছু নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এইচবি/জেকে/১৯০২ ঘ.