ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আকস্মিকভাবে সৌদি আরব থেকে ইয়েমেনে ফিরলেন প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ।
হত্যাপ্রচেষ্টা থেকে বেঁচে যাওয়া প্রেসিডেন্ট সালেহ চলতি বছরের জুনে মারাত্মক আহতাবস্থায় চিকিৎসার জন্য সৌদি আরব যান। প্রায় তিনমাস চিকিৎসাধীন থাকার পর হুট করেই তিনি দেশে ফিরেছেন বলে শুক্রবার বিবিসি জানায়।
ইয়েমেন টিভি জানিয়েছে, প্রেসিডেন্ট সালেহ ব্যক্তিগত বিমানে করে রাজধানী সানায় পৌঁছেছেন। তবে বিস্তারিত আর কিছু জানানো হয় নি।
প্রায় ৩০ বছরেরও বেশি সময় ধরে ইয়েমেনের রাষ্ট্রক্ষমতায় রয়েছেন সালেহ। কিন্তু চলতি বছরে আরব বিশ্বের বেশ কয়েকটি দেশে সফল গণঅভ্যুত্থানের প্রেরণায় ইয়েমেনেও সালেহর শাসন অবসানের দাবিতে গণআন্দোলন শুরু হয়। কিন্তু বেশ কয়েক দফা ক্ষমতা ছাড়ার ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত তিনি পিছিয়ে যান।
এরই জেরে জুনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ করে রকেট হামলা চালানো হয়। এতে অনেকে হতাহত হন। প্রেসিডেন্ট সালেহ প্রাণে বেঁচে গেলেও মারাত্মক আহত হন। তার দেহের বেশকিছু অংশ পুড়েও যায়।
বিশ্লেষকদের ধারণা, সালের প্রত্যাবর্তন দেশটিতে গৃহযুদ্ধের ঝুঁকি দেখা দিতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪৪৫ ঘ.
bdnews24