তিউনিস, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ার ক্ষমতাচ্যুৎ নেতা মুয়াম্মার গাদ্দাফি সরকারের প্রধানমন্ত্রী আল বাগদাদি আল-মাহমুদিকে তিউনিসিয়ায় গ্রেপ্তারের পর তাৎক্ষণিকভাবে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিবিসি জানিয়েছে, আলজেরিয়ার সীমান্তবর্তী তামাগজা এলাকা থেকে বুধবার মাহমুদিকে গ্রেপ্তার করে তিউনিসিয়া কর্তৃপক্ষ। অবৈধভাবে প্রবেশের অভিযোগে তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতমাসে লিবিয়ার অন্তর্র্বতীকালীন পরিষদের (এনটিসি) যোদ্ধারা রাজধানী ত্রিপোলিতে গাদ্দাফির বাব আল-আজিজিয়া কম্পাউন্ডের দখল নেওয়ার আগ পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন মাহমুদি।
এনটিসি নিয়ন্ত্রিত একটি টেলিভিশনে স¤প্রচারিত প্রতিবেদনে বলা হয়েছে, মাহমুদি সীমান্ত পার হওয়ার সময় ধরা পড়েছেন। কোনো প্রতিরোধ ছাড়াই তিনি আত্মসমর্পণ করেন।
গত মাসে ত্রিপোলির নিয়ন্ত্রণ হারালেও এখনো গাদ্দাফির কোনো খোঁজ মেলেনি। তবে এখনো গাদ্দাফি অনুগত বাহিনীর নিয়ন্ত্রণে থাকা শহর বনি ওয়ালিদ ও সিরতেই তিনি থাকতে পারেন বলে ধারণা এনটিসি সদস্যদের। শহর দুটি দখলে লড়াই চালিয়ে যাচ্ছে তারা।
লিবিয়ার অন্তর্ববর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী মাহমুদ জিবরিল বর্তমানে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে আছেন। আগামী ১০ দিনের মধ্যে লিবিয়ায় নতুন সরকার গঠন করা হতে পারে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/২৩৩০ ঘ.
bdnews24