২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএসআই জঙ্গি হামলা উস্কে দিচ্ছে: যুক্তরাষ্ট্র

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) জঙ্গিদেরকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় হামলা চালাতে প্ররোচিত করছে বলে অভিযোগ করেছেন মার্কিন কর্মকর্তারা। এ সম্পর্কে যথেষ্ট প্রমাণ রয়েছে বলেও দাবি করেছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2011, 10:25 AM

Updated : 24 Aug 2022, 04:21 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) জঙ্গিদেরকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় হামলা চালাতে প্ররোচিত করছে বলে অভিযোগ করেছেন মার্কিন কর্মকর্তারা। এ সম্পর্কে যথেষ্ট প্রমাণ রয়েছে বলেও দাবি করেছেন তারা। গত সপ্তাহে কাবুলে মার্কিন দূতাবাস ও ন্যাটো সদরদপ্তরে হামলার পর হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে এমনিতেই রাজনৈতিক চাপে আছে ওয়াশিংটন। এ পরিস্থিতিতে মার্কিন কর্মকর্তাদের এ অভিযোগ সত্য প্রমাণিত হলে উভয় সংকটে পড়বে ওবামা প্রশাসন। যুক্তরাষ্ট্রের কয়েকটি গোয়েন্দা প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে যে, কাবুলে মার্কিন দূতাবাস ও ন্যাটো সদরদপ্তরে ১৩ সেপ্টেম্বরের হামলার জন্য হাক্কানিকে বিশেষভাবে নির্দেশ অথবা অনুরোধ করেছিলো আইএসআই। তাছাড়া আরেক মার্কিন কর্মকর্তা বলেন, গোয়েন্দা তথ্যে দেখা গেছে, 'আইএসআই' ওই অঞ্চলে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোতে হামলার জন্য হাক্কানি নেটওয়ার্ককে প্ররোচিত করছে। তবে হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর সম্পর্ক থাকার অভিযোগ করলেও যুক্তরাষ্ট্রের বিভিন্ন টার্গেটে আইএসআই এর পক্ষ হয়ে জঙ্গিদের হামলা চালানোর অনুরোধ সম্পর্কে প্রকাশ্যে কোনো প্রমাণ তুলে ধরেননি মার্কিন কর্মকর্তারা। এ ধরনের হামলার পেছনে আইএসআইয়ের উদ্দেশ্য স্পষ্ট না হলেও মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সেনা প্রত্যাহারের পর প্রতিবেশী দেশ আফগানিস্তানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আকাঙ্খা পাকিস্তানের দীর্ঘ দিনের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬২০ঘ.