কায়রো, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২০১২ সালের জুন পর্যন্ত জরুরি আইন বলবৎ থাকবে বলে জানিয়েছে মিশরের ক্ষমতাসীন অন্তর্বর্তী সামরিক পরিষদ। বিক্ষোভকারীদের দাবিকে উপেক্ষা করে বুধবার একথা জানিয়েছে শাসক গোষ্ঠী।
ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারকের শাসনামলে ২০১০ সালের মাঝামাঝি সময়ে জরুরি আইন দুই বছর বাড়ানো হয়। তবে ফেব্র"য়ারিতে মুবারকের পতনের পর বিক্ষোভকারীরা আইন তুলে নেয়ার দাবি জানায়।
সামরিক পরিষদ জানায়, এ মাসের শুরুর দিকে বিক্ষোভকারীরা ইসরায়েলি দূতাবাসে হামলা চালানোর পর তারা জরুরি আইন পুনর্বহাল করেছে।
ওই হামলার পর ইসরায়েল মিশর থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয়। জরুরি আইন অপরাধের দৌরাত্ম্য কমাতে ব্যবহার করা হবে বলে সামরিক পরিষদ জানিয়েছে।
মিশরের সামরিক বিচার কর্তৃপক্ষের প্রধান জেনারেল আদেল মরসির বরাত দিয়ে সরকারি সংবাদ সংস্থা মিনা জানায়, 'প্রেসিডেন্টের অধ্যাদেশ' বলে ২০১২ সালের ৩০ জুন পর্যন্ত দুই বছর জরুরি আইন বর্ধিত করা হয়েছে।
সেইসঙ্গে তিনি আরো জানান, প্রতিবেদন থেকে নিশ্চিত হওয়া গেছে, শিগগিরই এ আইন প্রত্যাহার ভুল পদক্ষেপ হবে।
সংবাদসংস্থা মিনা জানায়, রাজনৈতিক স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ না করে এ আইন সন্ত্রাস, হঠকারিতা, মাদক ও অস্ত্র কেনাবেচা এবং সরকারি কার্যালয়ে হামলা মোকাবেলায় ব্যবহার করা হবে বলে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী মানসৌর ইসাবি জানিয়েছেন।
ওদিকে 'অভ্যুত্থানকে রক্ষার' জন্য জরুরি আইন জারি করা হয়েছে বলে জানিয়েছেন সেনা পরিষদ নিয়োজিত প্রধানমন্ত্রী ইসাম শারাফ।
তবে সেনা পরিষদের এ সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে বিক্ষোভকারীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৩৫৫ ঘ.
bdnews24