আম্মান, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) সিরিয়ার মধ্য ও উত্তরপশ্চিমাঞ্চলে বুধবার সেনা অভিযানে অন্তত ৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে অধিবাসীরা।
গ্রামাঞ্চলে সেনাবাহিনীর ওপর সরকারপক্ষ ত্যাগীদের হামলা বেড়ে যাওয়ায় এ অভিযান চালানো হয়েছে। তুরস্ক সীমান্তবর্তী জাবাল আল জাউইয়া এবং হোমস প্রদেশে এ হত্যাযজ্ঞ চলে। এ সমস্ত অঞ্চলে পক্ষত্যাগকারী সেনারা আশ্রয় নিয়ে আছে।
আর সেনাবাহিনীও এ জায়গাগুলোতেই নিয়মিত হামলা চালিয়ে আসছে।
প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনাবসানের দাবিতে সিরিয়ায় বিক্ষোভ শুরুর পর থেকে সরকার দেশে কঠোর দমনাভিযান চালিয়ে আসছে। এ অভিযান বন্ধে ব্যর্থ হয়ে কড়া প্রতিক্রিয়া প্রকাশ করেছে প্রতিবেশী দেশ তুরস্ক।
সিরিয়ার একসময়কার মিত্র দেশ তুরস্ক এখন দামেস্কর ওপর নিষেধাজ্ঞা আরোপের চিন্তাভাবনা করছে। সিরিয়ার সঙ্গে আলোচনাও স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৩০ঘ.
bdnews24