২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবান প্রতিনিধিদের বিশ্বাস করেছিলেন রব্বানি

তালেবান প্রতিনিধিদের বিশ্বাস করেই প্রাণ হারিয়েছেন সাবেক আফগান প্রেসিডেন্ট ও শান্তি আলোচক বুরহানুদ্দিন রব্বানি। খোদ তালেবানরাই একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2011, 10:44 AM

Updated : 24 Aug 2022, 04:03 PM

কাবুল, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তালেবান প্রতিনিধিদের বিশ্বাস করেই প্রাণ হারিয়েছেন সাবেক আফগান প্রেসিডেন্ট ও শান্তি আলোচক বুরহানুদ্দিন রব্বানি। খোদ তালেবানরাই একথা জানিয়েছে। তালেবানরা জানায়, রব্বানির বিশ্বাস অর্জনের জন্য উচ্চ-পর্যায়ের একটি দলকে কাজে লাগিয়েছে তারা। যে দলটি তলে তলে রব্বানিকে হত্যার দুরভিসন্ধি নিয়ে ওপর ওপর আলোচনার আগ্রহ প্রকাশ করেছে। আর এভাবেই তারা জিতে নিয়েছে রব্বানির বিশ্বাস। মঙ্গলবার নিজ বাসভবনে তালেবান সদস্যদের সঙ্গে বৈঠকের সময় আত্মঘাতী হামলায় নিহত হন রব্বানি। তার মৃত্যুতে শোকাহত আফগানিস্তান। বিশ্ব শান্তি দিবসে তাকে সমাহিত করা হচ্ছে। রব্বানির জানাজা ও দাফনে যোগ দেয়ার জন্য বুধবার কাবুলের কূটনৈতিক পাড়ায় তার বাসভবনে কড়া পাহারার মধ্য দিয়ে হাজির হয়েছেন উর্ধ্বতন রাজনৈতিক নেতারা। মাথায় শোকের কালো কাপড় বেঁধে রব্বানির ছবি নিয়ে তার দাফনানুষ্ঠানে সমবেত হয়েছে আরো কয়েকশ মানুষ। কোরআনের আয়াত পড়ছে তারা। তবে রব্বানিকে কোথায় কবর দেওয়া হবে সে সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানা গেছে। 'আফগান হাই পিস কাউন্সিল' এর চেয়ারম্যান ছিলেন রব্বানি। এই পরিষদ আফগান সরকারের পক্ষ থেকে তালেবানদের সঙ্গে শান্তি আলোচনার মধ্য দিয়ে আফগানিস্তানের গৃহযুদ্ধের শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধানের চেষ্টা করছিলো। হামলাকারী তালেবান রব্বানি হত্যার দায় স্বীকার করে হামলার বিস্তারিত প্রকাশ করেছে। রব্বানি তাদের বিশ্বাস করেছিলেন বলে স্বীকার করেছে তারা। তালেবান মুখপাত্র জাবিহউল্লা মুজাহিদ মঙ্গলবার টেলিফোনে রয়টার্সকে জানিয়েছেন, হত্যাকারী আলোচনার ভান করে রব্বানির বাড়িতে যায়। হামলাকারীর নাম মোহাম্মদ মাসুম। তিনি বলেন, "বাড়িতে ঢোকার পর মাসুমের দিকে রব্বানি মাত্র তিন কদম আগানো মাত্র সে বিস্ফোরক ভর্তি জ্যাকেটের সুইচ টিপে বিস্ফোরণ ঘটায়। সঙ্গে সঙ্গে মাসুমসহ রব্বানি নিহত হন। এ সময় ওই বাড়িতে মাসুম ইয়ার নামের আরেক তালেবান জঙ্গি ও চার নিরাপত্তারক্ষী উপস্থিত ছিল।" জাবিউল্লাহ জানান, শান্তি আলোচনার ভান করে তালেবানদের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলটি রব্বানির সঙ্গে যোগাযোগ গড়ে তোলে। তাদের ভান ধরতে পারেননি তিনি। তালেবানের কেন্দ্রীয় নেতারা আলাপচারিতায় দক্ষ এবং প্রশিক্ষণপ্রাপ্ত মাসুম ও ইয়ারকে রব্বানির সাথে যোগাযোগ গড়ে তোলার জন্য মনোনীত করে। তালেবান শাসনামলের সাবেক মন্ত্রী ইয়ার রব্বানির বাসভবনে আগেও অনেকবার গিয়েছিলেন। "তারা দুজন রব্বানির কাবুলের বাসভবনে প্রায়ই শান্তি আলোচনার ভান করে সাক্ষাৎ করতেন। এভাবে তারা রব্বানি ও তার নিরাপত্তারক্ষীদের বিশ্বাস অর্জন করেন। রব্বানিকে আশ্বাস দিয়ে দ্রুতই উর্ধ্বতন তালেবান নেতাদের সঙ্গে রব্বানির বৈঠকের ব্যবস্থা করার কথা বলেছিলেন তারা।" জাবিউল্লাহ জানান, তারা আফগান সরকার সংশ্লিষ্ট আরো কর্মকর্তাকে হত্যার জন্য একই রকম ফন্দি আঁটছেন। ২০০১ সালে আফগানিস্তানের ক্ষমতা থেকে উচ্ছেদের পর রব্বানিই তালেবান হামলায় নিহত সবচেয়ে প্রভাবশালী আফগান নেতা। রব্বানি হত্যার আগে তালেবানরা আফগান সরকার সংশ্লিষ্ট উর্ধ্বতন কয়েকজন কর্মকর্তাকে হত্যা করে। এদের মধ্যে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের ভাই এবং উত্তরাঞ্চলীয় পুলিশ প্রধান জেনারেল দাউদ দাউদ অন্যতম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬৩৭ঘ.