২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক আফগান প্রেসিডেন্ট রব্বানি নিহত

আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট এবং তালেবান যোদ্ধাদের সঙ্গে শান্তি আলোচনার দায়িত্বে থাকা 'শান্তি পরিষদ' এর প্রধান বুরহানউদ্দীন রব্বানি বোমা হামলায় নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2011, 02:49 PM

Updated : 24 Aug 2022, 04:02 PM

কাবুল, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট এবং তালেবান যোদ্ধাদের সঙ্গে শান্তি আলোচনার দায়িত্বে থাকা 'শান্তি পরিষদ' এর প্রধান বুরহানউদ্দীন রব্বানি বোমা হামলায় নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় কাবুলের কূটনৈতিক পাড়ায় নিজের বাড়িতে দুই তালেবান সদস্যের সঙ্গে বৈঠক করার সময় এই হামলার শিকার হন রব্বানি। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। কাবুল পুলিশের মুখপাত্র হাসমতউল্লাহ স্তানেকজাই বলছেন, রব্বানির বাড়িতে আত্মঘাতি হামলা চালানো হয়ে থাকতে পারে। বৈঠকে অংশ নেওয়া তালেবান সদস্যরাও এতে জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছেন স্থানীয় কর্মকর্তারা। প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের উপদেষ্টা মাসুম স্তানেকজাইও এ হামলায় গুরুতর আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। কাবুল পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান মোহাম্মেদ জহির বলেন, "রব্বানি শহীদ হয়েছেন।" রব্বানি নিহত হওয়ার খবরে প্রেসিডেন্ট হামিদ কারজাই তার যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন বলে জানিয়েছেন তার মুখপাত্র। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে কারজাইয়ের নিউইয়র্কে যাওয়ার কথা ছিল। ১৯৮০ এর দশকে আফগানিস্তানে সোভিয়েত শাসন চলাকালীন সময়ে মুজাহিদিন পার্টির নেতৃত্বদানকারী বুরহানউদ্দীন রব্বানিকে গত বছর অক্টোবরে 'আফগান হাই পিস কাউন্সিল' এর চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। এই কাউন্সিলের মাধ্যমেই হামিদ কারজাই সরকার তালেবান জঙ্গিদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে আফগান যুদ্ধের রাজনৈতিক সুরাহার চেষ্টা করে আসছিল। বিশ্লেষকরা বলছেন, রব্বানিকে হত্যার এই ঘটনা আফগানিস্তানে শান্তি ফেরানোর চেষ্টায় একটি বড় আঘাত। সোভিয়েত বাহিনী সরে গেলে মুজাহিদিন নেতা রব্বানি আফগানিস্তানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। ১৯৯৬ সালে তাকে হঠিয়েই দেশটির ক্ষমতা দখল করে তালেবান যোদ্ধারা। এরপর তিনি তালেবান-বিরোধী নর্দার্ন এলায়েন্সের প্রধান নিযুক্ত হন। জাতিগতভাবে তাজিক রব্বানি প্রথম জীবনে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন। বুরহানউদ্দীন রব্বানি স¤প্রতি ইরানে একটি ধর্মীয় সভায় বক্তৃতা দিয়ে আত্মঘাতী হামলার বিরূদ্ধে মুসলিম বোদ্ধাদের সোচ্চার হওয়ার আহ্বান জানান। এ কারণেও তার ওপর হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৪১ঘ.