বার্মিংহাম, ইংল্যান্ড, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্কটল্যান্ডের আলাদা হওয়ার দাবি ভেবে দেখছে ব্রিটেন। বিশেষ করে এ বিচ্ছিন্নতার কারণে কতটুকু মূল্য দিতে হবে তাইই হিসাব-নিকাশ করে দেখছে সরকার।
স্কটল্যান্ড-ইংল্যান্ড এক হওয়ার প্রায় তিনশ বছর পর এখন আলাদা হতে চাইছে স্কটিশরা।
স্কটল্যান্ডের পার্লামেন্টে গত মে মাসে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) আগামী পাঁচ বছরের মধ্যে স্বাধীনতার প্রশ্নে একটি গণভোট অনুষ্ঠান করতে প্রতিশ্র"তিবদ্ধ।
যুক্তরাজ্যের কেন্দ্রীয় সরকারের স্কটল্যান্ড বিষয়ক মন্ত্রী লিবারেল ডেমক্র্যাটিক পার্টির মাইকেল মুর রয়টার্সকে এক সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাজ্য সরকার স্কটল্যান্ডের আলাদা হওয়ার ক্ষয়-ক্ষতি হিসাব করছে।
তিনি জানান, স্কটল্যান্ডের আলাদা হয়ে যাওয়ার কতটুকু মূল্য দিতে হবে তা হিসাব করে দেখছে সরকারের প্রতিরক্ষা, কল্যাণ তহবিল এবং স¤প্রচার বিভাগসহ প্রতিটি খাতের মন্ত্রীরা।
তিনি বলেন, "স্কটল্যান্ড যদি বিচ্ছন্ন হয়েই যায় তাহলে কি ধরনের ঝুঁকিতে পড়তে হবে সেগুলোই খতিয়ে দেখা হচ্ছে।"
মুর জানান, চলতি বছরের শেষ নাগাদ এ প্রক্রিয়া শেষ হবে।
এসএনপি'র গণভোটে স্কটল্যান্ডের আলাদা হওয়ার পক্ষে ভোট পড়লে ১৭০৭ সাল থেকে যুক্তরাজ্যের অংশ স্কটল্যান্ড এর অপর তিন সদস্য ইংল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করবে।
এসএনপি'র নেতা ও স্কল্যান্ডের ফার্স্ট মিনিস্টার অ্যালেক্স স্যামন্ড আলাদা হওয়ার দাবিতে জনসমর্থন বাড়িয়ে নিতে গণভোট আয়োজন করতে সময় নিচ্ছেন।
ক্ষমতার পাঁচ বছর মেয়াদকালে গণভোটের আগে যে সময়টা পাওয়া যাবে তাতে বিচ্ছিন্নতার পক্ষে জনসমর্থন আরো বাড়িয়ে নেওয়াই তার উদ্দেশ্য।
তবে গণভোট পিছিয়ে দেওয়ার মাধ্যমে জনসমর্থন বাড়ানোর অজুহাতে স্যামন্ড স্বাধীন স্কটল্যান্ড বিষয়ক প্রশ্ন এড়িয়ে যাওয়ার সুযোগ নিচ্ছেন বলে অভিযোগ করেছেন মুর।
তিনি বলেন, "ন্যাশনালিস্ট পার্টি স্বাধীনতার প্রশ্নে পার্লামেন্টে পূর্ণাঙ্গ বিতর্কও এড়িয়ে যাচ্ছে।"
ওদিকে, যুক্তরাজ্য ইউনিয়ন ভেঙে স্কটল্যান্ডের বের হয়ে যাওয়ার পক্ষপাতি নয়। এ উদ্যোগ ঠেকাতে সরকার স্কটল্যান্ডকে আরো বেশি ক্ষমতা দেওয়ার প্রস্তাব দিচ্ছে।
স্কটল্যান্ড আলাদ হয়ে গেলে ব্রিটেন প্রতিরক্ষাসম্পদ, তেল রাজস্ব এবং কারেন্সির ভবিষ্যৎ নিয়ে সমস্যায় পড়বে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭২৮ঘ.
bdnews24