২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেট ঘাটতি কমাতে ওবামার পরিকল্পনা ঘোষণা

যুক্তরাষ্ট্রে ধনীদের ওপর কর বাড়ানোর মধ্য দিয়ে বাজেট ঘাটতি কমানোর পরিকল্পনা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2011, 03:56 PM

Updated : 24 Aug 2022, 04:01 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে ধনীদের ওপর কর বাড়ানোর মধ্য দিয়ে বাজেট ঘাটতি কমানোর পরিকল্পনা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। সোমবার হোয়াইট হাউসে এক ভাষণে তিনি বলেন, দেশের বিভিন্ন করপোরেশন এবং ধনীদের বেশিহারে কর দিতে হবে। আগামী দশকে ৩ ট্রিলিয়ন ডলারেরও বেশি অর্থ বাঁচানোই তার এ পরিকল্পনার লক্ষ্য বলে জানান ওবামা। ভাষণে ওবামা কর্মসংস্থান নিয়ে তার প্রস্তাব পাস করার জন্যও আইনপ্রণেতাদের আহ্বান জানান। কিন্তু ওবামার ধনীদের ওপর কর বাড়ানোর পরিকল্পনা নিয়ে আগে থেকেই নাখোশ হয়ে আছে কংগ্রেসের রিপাবলিকানরা। ফলে সোমবার ওবামার তার পরিকল্পনার যে রূপরেখা দিয়েছেন তা রাজনৈতিক চমক দেওয়ার চেষ্টা বলেই বিদ্রƒপ করেছেন রিপাবলিকানরা। এতে করে প্রস্তাবটি পাস হওয়ার সম্ভাবণা ক্ষীণ বলেই মনে করা হচ্ছে। কংগ্রেস বিভিন্ন কোম্পানি এবং ধনীদের ওপর কর বাড়ানোর প্রস্তাবে রাজি না হওয়া পর্যন্ত স্বাস্থ্যসেবা খাতে কোনোরকম কাঁটছাঁটের প্রস্তাবে ভেটো দেবেন বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ওবামা। এতে করে ২০১২ সালের নির্বাচনের দিন পর্যন্ত রিপাবলিকানদের সঙ্গে তার দীর্ঘ লড়াইয়ের পট প্রস্তুত হলো। ওবামা বলেছেন, "যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ না নিলে ঋণের বোঝা গিয়ে পড়বে ভবিষ্যৎ প্রজন্মের ওপরে।" "হোয়াইট হাউসকে তার সাধ্যের মধ্যে থেকেই চলতে হবে। যা করার সামর্থ্য নেই তা করা যাবে না। যা দরকার কেবল তার জন্যই ব্যয় করতে হবে," বলেন তিনি। স্পষ্ট করে ওবামা বলেন, বাজেট ঘাটতি কমানোর বোঝা সাধারণ মার্কিনিদের ঘাড়ে গিয়ে পড়ে এমন কোনো পরিকল্পনাই তিনি সমর্থন করবেন না। আর সেকারণেই বাজেট ঘঅটতি কমাতে বিভিন্ন করপোরেশন এবং ধনবানদের এক্ষেত্রে অবদান রাখা উচিত। যাদের আয় বছরে দশ লাখ ডলারের বেশি তারা ওবামার এই কর পরিকল্পনার আওতায় পড়বেন। যুক্তরাষ্ট্রের করদাতাদের মধ্যে মাত্র শূন্য দশমিক তিন শতাংশ এ করের আওতায় আসবেন। হোয়াইট হাউজের জনসংযোগ কর্মকর্তা ড্যান জানান, এ কর এক ধরনে এএমটি (অলটারনেটিভ মিনিমাম ট্যাক্স- বিকল্প সবনিম্ন কর) কর হিসেবে কাজ করবে। ধনীরা যাতে মধ্যম আয়ের করদাতাদের সঙ্গে সঙ্গতি রেখে কর দেন তা নিশ্চিত করতেই এ পরিকল্পনা করা হয়েছে। তবে ওবামার এ পরিকল্পনায় ধনীদের ওপর কী হারে কর নির্ধারণ করা হবে এবং এর মাধ্যমে কী পরিমাণ রাজস্ব আসবে তা স্পষ্ট নয়। চলতি বছরের শুরুর দিকে ওয়ারেন বাফে এক নিবন্ধে বলেন, কর আইনের ফাঁকফোকরের কারণে তার মতো ধনীরা মধ্যবিত্ত শ্রেণীর তুলনায় কম আয়কর দেয়। এ ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, দেশের সংকটময় মুহূর্তে ধনীদের আরো বেশি কর দেওয়া উচিত এবং এতে কারো সমস্যা হওয়ার কথা নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এএইচ/বিসিএস/২২৩১ঘ.