রামাল্লা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিস্তিন রাষ্ট্রের জন্য জাতিসংঘের পূর্ণ সদস্যপদের আবেদন করার পরিকল্পনায় অটল ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আপত্তির মুখেও আব্বাস মঙ্গলবার এ দাবি নিয়ে নিউ ইয়র্ক পৌঁছেছেন।
এ দাবিকে অল্প সময়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পথে এগুনোর একমাত্র পথ হিসাবেই দেখছে ফিলিস্তিনিরা।
ফিলিস্তিনের এ পদক্ষেপ ইসরায়েলের সঙ্গে আলোচনা নতুন করে শুরুর সম্ভাবনা নস্যাৎ করবে বলে হুঁশিয়ার করেছে ওয়াশিংটন, ইসরায়েল এবং ইউরোপীয় দেশগুলো। ফিলিস্তিনের এ পদক্ষেপ হিতে বিপরীত হবে বলে মন্তব্য করেছে ইসরায়েল।
ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের সরাসরি আলোচনার মধ্য দিয়েই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষপাতি পশ্চিমা দেশগুলো।
কিন্তু এর প্রতিবাদ জানিয়ে আব্বাস বলেন, "যুক্তরাষ্ট্র, ইসরায়েল শান্তি প্রক্রিয়াকে 'দ্বিপক্ষীয় সংলাপ' এর মধ্যেই সীমাবদ্ধ রাখতে চায়। যে সংলাপ দূর থেকে তদারক করবে যুক্তরাষ্ট্র। কিন্তু এ ধরনের সংলাপ এ পর্যন্ত ব্যর্থ হয়েছে। আর তাই জাতিসংঘ সদস্যপদের জন্য আমাদেরকে উদ্যোগ নিতে হয়েছে।"
"আর এখন আমরা এ পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়ে চারদিক থেকে ঘোর আপত্তির মুখে পড়ে গেছি।" বলেন তিনি।
আব্বাস আরো বলেন, তিনি শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণের সময় জাতিসংঘের পূর্ণ সদস্যপদের জন্য আবেদন জানাবেন।
কিন্তু যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের এ পদক্ষেপ আটকে দেওয়ার চেষ্টা চালাবে জানিয়ে বলেছে, শান্তি প্রতিষ্ঠায় একমাত্র পথ হচ্ছে দুদশকের পুরোনো আলোচনা প্রক্রিয়া নতুন করে শুরু করা।
কিন্তু আব্বাস বলছেন, জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পাওয়া ফিলিস্তিনের ন্যায়সঙ্গত অধিকার।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন মাহমুদ আব্বাস। অধিবেশনে তিনি ফিলিস্তিন রাষ্ট্রের পূর্ণ সদস্যপদের জন্য নিরাপত্তা পরিষদের মাধ্যমে আবেদন জানানোর পরিকল্পনা করেছেন।
"আমরা আমাদের ন্যায়সঙ্গত অধিকার বাস্তবায়নের অনুরোধ করতে জাতিসংঘে যাব, আমরা ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যের মর্যাদা দেওয়ার আবেদন জানাব," বলেন আব্বাস।
আব্বাস জানিয়েছেন, তিনি ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতেই ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চান।
ফিলিস্তিনের ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীর ও গাজা ভূখণ্ড অন্তর্ভুক্ত রয়েছে। '৬৭ সালের যুদ্ধে সবগুলো এলাকাই দখল করে ইসরায়েল।
২০০৫ সালে গাজা থেকে সেনা প্রত্যাহার করলেও গাজার আকাশ ও সমুদ্রসীমা নিয়ন্ত্রণ করছে ইসরায়েল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৯০০ ঘ.
bdnews24