গোয়াহাটি, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রচণ্ড বৃষ্টি ও ভূমিধসের কারণে হিমালয় পাদদেশের ভূমিকম্প বিধ্বস্ত এলাকাগুলোতে উদ্ধার তৎপরতা ব্যহত হচ্ছে। রোববার সন্ধ্যা ৬ টার দিকে ভারতের সিকিমে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়। ভূকম্পন অনুভূত হয় বাংলাদেশ, নেপাল, ভূটান ও চীনেও।
শক্তিশালী এ ভূমিকম্পে সিকিমের শানগ্রিলা এলাকায় ধ্বংসস্তুপ থেকে হতাহতদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারীরা। তারা প্রচন্ড বৃষ্টির মধ্যে বিচ্ছিন্ন হয়ে যাওয়া পাহাড়ি দুর্গম গ্রামগুলোতে উদ্ধার অভিযান চালানোর চেষ্টা করছে।
ঘন মেঘের কারণে দূর্গত এলাকাগুলোর ওপর দিয়ে হেলিকপ্টারও যেতে পারছে না। ভূমিকম্প বিধ্বস্ত কিছু কিছু এলাকা পৃথিবীর সর্বোচ্চ পর্বত হিমালয়ের উচ্চতম এলাকাগুলোতে হওয়ায় সেখানে পৌঁছনো কঠিন হচ্ছে। কর্তৃপক্ষ বলছে, নিহতের সংখ্যা আরো বাড়বে।
সিকিমের অনেক এলাকায় ভারতীয় সেনারা উদ্ধার কাজ চালালেও অনেক এলাকায় পর্বতের মাঝের রাস্তা ভূমিধ্বসে বন্ধ হয়ে গেছে। মঙ্গলবারের আগে দূর্গত স্থানগুলোতে উদ্ধারকারীরা পৌঁছতে পারবে না বলে ধারণা করা হচ্ছে।
নয়াদিল্লিতে জাতিসংঘের দূর্যোগ ব্যবস্থাপনা দলের এক কর্মকর্তা জানান, "পরিস্থিতি বেশ খারাপ। আমার ধারণা, হতাহতের সংখ্যা আরো বাড়বে।"
সিকিমের গ্যাংটক শহরের এক বাসিন্দা পাওয়ান থাপা জানান লোকজন এখনো আতঙ্কগ্রস্ত। আতঙ্কে সারা রাত তারা বাড়ির বাইরে কাটান বলে জানান তিনি।
গত চরদিন ধরে সিকিমের এ অংশে টানা বৃষ্টি হচ্ছে। ভূমিকম্প বিধ্বস্ত এলাকাগুলোতে তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল। রাত্রে তাপমাত্রা আরো নেমে যায়।
গ্যাংটক ও আশপাশের এলাকাগুলোতে দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও অফিস-আদালত বন্ধ আছে। গ্যাংটকে বিদ্যুৎ সরবরাহ চালু করা হলেও আশপাশের এলাকগুলো এখনো বিদ্যুৎহীন। টেলিযোগাযোগও স্বাভাবিক হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭৫৫ ঘ.
bdnews24